সিটিজিবার্তা২৪.কম ।।
চট্টগ্রাম ঃ দীর্ঘদিন পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে নতুন একটি আন্তঃনগর ট্রেন। চলতি বছরের মাঝামাঝিতে এ ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে। যাত্রাপথে বিরতি না দিয়ে সরাসরি গন্তব্যে যাবে ট্রেনটি। বর্তমানে যেসব আন্তঃনগর ট্রেন চলাচল করছে সেগুলোর চেয়ে এ ট্রেনটি হবে আধুনিক মানের। ট্রেনটির সব বগিই থাকবে নতুন। এ ট্রেনের সিট, দরজা, জানালা ও টয়লেট কিছুটা চওড়া হবে। যাত্রীদের সুবিধার্থে জানালার গ্লাসগুলো অত্যাধুনিক মানের হবে।
রেলওয়ের প্রাথমিক পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেনটিকে বিলাস বহুল ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনা রয়েছে। তবে এখনও পর্যন্ত ট্রেনটির নাম চূড়ান্ত হয়নি।
রেলওয়ের কর্মকর্তারা মনে করেন, ঢাকা-চট্টগ্রাম রুটের অধিকাংশ রুট ডাবল লাইন হয়ে গেছে, এ অবস্থায় নতুন ট্রেন চালু করতে সমস্যা নেই।
রেল ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এই ট্রেন ছাড়াও আগামী বছরের মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে ১৫টি কোচের একটি নতুন ট্রেন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ১৫ কোচের একটি আন্তঃনগর ট্রেন এবং চট্টগ্রাম-দিনাজপুর রুটে একটি নতুন ট্রেন (দুই রেক বিশিষ্ট) চালুর প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের। তবে এসব সিদ্ধান্ত এখন কেবল প্রাথমিক পরিকল্পনাতেই আছে। নতুন ২৭০টি বগি বাংলাদেশ রেলওয়ে পেলে নতুন এসব ট্রেনের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে বলে মনে করছেন রেলওয়ের কর্মকর্তারা।
রেলওয়ে সূত্র জানায়, চলতি বছরের বিভিন্ন সময়ে ভারত ও ইন্দোনেশিয়া থেকে মোট ২৭০টি যাত্রীবাহী নতুন কোচ রেলওয়ের বহরে যুক্ত হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এসব বগি আসা শুরু হবে। এ বছরের মধ্যেই দর্শনা সীমান্ত দিয়ে ১২০টি ভারত থেকে এবং ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে ১৫০টি কোচ বাংলাদেশে আসবে। নতুন এসব কোচকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙে দেখা যাবে। এসব কোচ থেকেই ঢাকা-চট্টগ্রাম রুটের জন্য পৃথক একটি ট্রেন করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন বলেন, চলতি বছরের বিভিন্ন সময়ে ২৭০টি কোচ আসবে দেশে। এসব কোচ আমরা বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যুক্ত করবো। এরপর নতুন কোচ দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি আন্তঃনগর ট্রেন নামানোর প্রাথমিক পরিকল্পনা আছে। সব বগি পেলে বিভিন্ন রুটে আরও নতুন ট্রেনও নামানো যাবে।
রেলওয়ের ডিজি বলেন, বিভিন্ন ট্রেনেই বগির সমস্যা। অনেক ট্রেনে পুরাতন বগি। আন্তঃনগর ট্রেনগুলোতে পুরাতন বগির পরিবর্তে আমরা নতুন বগি যোগ করবো।


One thought on “ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে বিরতিহীন আন্তঃনগর ট্রেন”