রোববার, ২৩ আগস্ট, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা ঃ নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে সোমবার।
তদন্ত কমিটির সদস্য ও এনআইডি প্রকল্পের সহকারী পরিচালক সৈয়দ আব্দুস সালাম জানিয়েছেন, সোমবার ইসি সচিব সিরাজুল ইসলাম ও এনআইডি প্রকল্পের পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীনের কাছে প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।
গত ১৯ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জিএম মুস্তাফিজুল আলম ও সিনিয়র ক্যামেরাপার্সন রিপু আহমেদ সংবাদ সংগ্রহের সময় এনআইডি শাখায় কর্মকর্তারা তাদের মারধর করেন। এ সময় তাদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে তা ভেঙ্গেও ফেলা হয়। আর এ ঘটনার নেতৃত্ব দেন এনআইডি প্রকল্পের উপ-পরিচালক আব্দুল বারী।
এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি রোববার অভিযুক্ত আট কর্মকর্তাসহ অন্তত ত্রিশ কর্মকর্তার বক্তব্য শুনেছে। এছাড়া মুস্তাফিজুল আলম ও রিপু আহমেদের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।
ঘটনার দিন এনআইডি প্রকল্পের পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ সাংবাদিকদের বলেছিলেন, সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যে আব্দুল বারীকে অপসারণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে ইসি।
Ctgbarta24.com 24 hours Online News Paper
