ব্রেকিং নিউজ

১২৫ বাংলাদেশিকে ফেরত আনতে বৈঠক চলছে

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

সিটিজিবার্তা২৪.কম

ctgbarta24_coxsbazar_news_pic

কক্সবাজার ঃ মায়ানমারে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে পঞ্চম দফায় ১২৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মায়ানমার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠক চলছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টায় বাংলাদেশের ঘুমধুম সীমান্তের ওপারে মায়ানমারের তুম্বু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকে বসেন বিজিবির ২০ সদস্যের প্রতিনিধিদল।

বৈঠক শেষে ওই ১২৫ জনকে ফেরত আনা হবে বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি।

বিজিবির ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান।

মিয়ানমারের ২৩ সদস্যের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের পরিচালক ইউ স নাইং।

১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি আরও জানান, ১২৫ জন বাংলাদেশির মধ্যে মোট ১৪ জেলার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে কক্সবাজার জেলার ৮৪ জন এবং অপ্রাপ্তবয়স্ক রয়েছেন ২৪ জন।

তিনি জানান, ১২৫ বাংলাদেশিকে ফেরত এনে কক্সবাজার জেলা পুলিশের অধীনে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। সেখানে জিজ্ঞাসাবাদবাদ শেষে অপ্রাপ্তবয়স্কদের আদালতে হাজির করে অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া অন্যান্যদের নিজ জিম্মায় বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও)।

এর আগে ৪ দফায় মোট ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।

গত ২১ মে বঙ্গোপসাগর থেকে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জনকে অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে মায়ানমারের নৌবাহিনী।