ব্রেকিং নিউজ

এক সঙ্গে কাজ করার আহবান খালেদা জিয়ার

বৃহস্পতিবার,২৭ আগস্ট,২০১৫
রাজনীতি ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম

kha

 

 

ঢাকাঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একটি টেকসই গণতান্ত্রিক
ব্যবস্থা তৈরীর জন্য একসঙ্গে কাজ করতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরিত
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

উক্ত বার্তায় বেগম জিয়া বলেন, জনগণের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা-আস্থা আছে।হিংসা
বিদ্বেষের পথ ছেড়ে আসুন একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা পূর্বের
মতো একসঙ্গে কাজ করি।
সরকারকে হুঁশিয়ার করে খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে
আর বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। আশা করি সরকারের বোধোদয় ঘটবে।
বর্তমান বিনা ভোটের সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে
সংহত করতে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর যে
অত্যাচার চালাচ্ছে তা বর্ণনাতীত।
খালেদা জিয়া বলেন,
সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদেরকে ক্রমেই আরো জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ
সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবেন এবং সে অনুযায়ী একটি দ্রুত
নির্বাচনের ব্যবস্থা করবেন সকল দলের অংশগ্রহণে এবং তা অবশ্যই সবার দাবি
অনুযায়ী একটি নিরপেক্ষ সরকারের অধীনে, তাতেই তাদের মঙ্গল।
বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার দেশের আইন-কানুন ও বিচারিক রায়কে
পর্যন্ত অশ্রদ্ধা করছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও অনেক
ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অনেক রাজনৈতিক বন্দিকে
সময়মতো মুক্তি না দিয়ে নানা টালবাহানায় তাদের আটকে রাখছে
এবং এরপরেও কেউ জামিন নিয়ে মুক্তিলাভ করলেও কারাফটক থেকে
নিত্য-নতুন সাজানো মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় আটক করে তাদের জেলে পুরছে।
সরকারের এ ধরনের আচরণ মানবাধিকার ও মৌলিক অধিকার হরণের প্রকৃষ্ট
উদাহরণ।

খালেদা জিয়া বলেন, আমরা এই বিনা ভোটের সরকারকে বলতে চাই,
তারা এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূলত একধরনের একদলীয় শাসনব্যবস্থার দিকে
হাঁটছে। সারা পৃথিবীতে যখন কর্তৃত্ত্ববাদী শাসনব্যবস্থার অবসান
ঘটছে, একনায়কতান্ত্রিক স্বৈরশাসনের বিলোপ ঘটছে, তখন শেখ হাসিনার
সরকার বিরোধী দলকে নির্মূল করার দিবা-স্বপ্নে বিভোর।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি জনাব মোজাহার আলী প্রধানকে
জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারো তাকে আটক করায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং
সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন বেগম খালেদা জিয়া।