বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক ঃ আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে।
অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, মোট ১৪টি আসনের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এর মধ্যে সাধারণ ৭টি আসনের মধ্যে ৩টিতে এবং সাতটি গ্রুপ আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছেন তারা।
সাধারণ ৩ আসনে সাদা প্যানেলের ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার, আব্দুল মতিন খসরু ও জেড আইন খান পান্না বিজয়ী হয়েছেন।
গ্রুপ আসনের ৬টিতে সাদা প্যানেল থেকে বিজয়ীরা হলেন- এ-গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরু, বি-গ্রুপ থেকে এইচ আর জাহিদ আনোয়ার, সি-গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী, ই-গ্রুপ থেকে পারভেজ আলম খান, এফ-গ্রুপ থেকে মো. ইয়াহিয়া ও জি-গ্রুপ থেকে মো. রেজাউল করিম।
অপরদিকে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ (নীল প্যানেল)থেকে সাধারণ ৩টি আসনে এবং গ্রুপ আসন থেকে একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
নীল প্যানেল থেকে সাধারণ আসন থেকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিজয়ী হয়েছেন।
আর গ্রুপ আসন থেকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে একমাত্র ডি-গ্রুপ থেকে কাইমুল হক জয় লাভ করেছেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের সহকারী পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান জানিয়েছেন, সব কেন্দ্রের ফলাফল বার কাউন্সিলে পৌঁছানোর পর সংস্থার চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একটি সময় নির্ধারণ করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন।
বার কাউন্সিলের ১৪টি সদস্য পদের বিপরীতে এবার ৪টি প্যানেল থেকে মোট ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারা দেশের ৭৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে জানা গেছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর সাদা প্যানেল থেকে সাধারণ আসনে ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম-১৪১৮১, আব্দুল বাসেত মজুমদার ১৫২৩৫, আব্দুল মতিন খসরু-১৪৩৯৭, জেড আই খান পান্না -১৩১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবীরা ঐক্য নীল প্যানেলে সাধারণ আসনে খন্দকার মাহবুব হোসেন ভোট পেয়েছেন-১৪৩৫৪, এ. জে মোহাম্মদ আলী-১৩২০১, এ. এম মাহবুব উদ্দিন খোকন -১৫১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আইনজীবী ঐক্য পরিষদ ও আইনজীবী ঐক্য ফ্রন্ট নামে আরো দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
