ব্রেকিং নিউজ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

মোঃ হোসেন, চবি প্রতিনিধি

file

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে প্রথম দফাল সংঘর্ষের পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ব্যাপক গুলিবিনিময় শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে শুরু হওয়া থেমে থেমে এই সংঘর্ষের ঘটনার রাত ৮টা পর্যন্ত পুলিশের একজন এসআইসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা তিনজনের নাম জানা গেছে। তারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন নেতা ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমদাদ আহমেদ সাহেল, একই বিভাগের জমির উদ্দিন, এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ ইউনুছ।

আহত পুলিশ ফাঁড়ির এসআই ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে মাঝখানে পড়ে ইটপাটকেলের আঘাতে তিনি আহত হয়েছেন।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ সাময়িকভাবে থেমে যাওয়ার পর পৌনে ৮টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবার গোলাগুলি শুরু হয়। রাত ৮টার দিকে এই খবর লেখা পর্যন্ত উভয়পক্ষে গুলি বিনিময় চলছিল।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী আলমগীর টিপু এবং প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।