শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক : অপেক্ষা যেন ফুরচ্ছিল না দর্শকদের। সেটাও কিছুক্ষণ পরই বোঝা গেল। সবকিছু ছাপিয়ে স্পট লাইটে বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন। সর্বশেষ পরিবেশনা নিয়ে হৃত্বিক মঞ্চে উঠলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।
নৃত্য ও অভিনয় শিল্পী মৌ এর পরিবেশনায় পর্দা ওঠে বিপিএলের। দুটি গানের সাথে নৃত্য পরিবেশনা করেন মৌ এবং তার দল। এরপরই মঞ্চ কাঁপাতে আসেন বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু ও তার দল এলআরবি। ঘুমন্ত শহরে, সেই তুমি, হাসতে দেখ, মন চাইলে মন পাবে থেকে শুরু বেশি কিছু জনপ্রিয় গান গেয়ে গ্যালারি মাতিয়ে রাখেন আইয়ুব বাচ্চু।
এরপর মঞ্চে ওঠে চিরকুট ব্যান্ড। কানামাছি সত্য, জাদুর শহরসহ নিজেদের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনা করে। একটু বিরতি দিয়ে মঞ্চে পরিবেশনা নিয়ে আসেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ। ‘বিপিএলের টিকেটে ঢেউ লেগেছে’ গান দিয়ে শুরু করেন। শেষ করেন ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো দিয়ে’। মাঝখানে আকাশটা কাঁপছিল ক্যান, আগে জাদি জানতাম রে বন্ধু, পাংখা পাংখা পাংখা হইল মন, নান্টু ঘটকের কথা শুইনাসহ জনপ্রিয় বেশ কিছু গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
এরপর বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির বক্তব্যের পর বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই দুজন থাকা অবস্থাতেই মঞ্চে ডাকা হয় ছয় দলের আইকন ক্রিকেটারদের। সাকিব আল হাসান ছাড়া অন্য পাঁচ দলের আইকন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাশরাফি বিন মুর্তজা, সিলেট সুপার স্টার্সের মুশফিকুর রহিম, চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল, বরিশাল বুলসের মাহমুদুল্লাহ রিয়াদ, ঢাকা ডাইনামাইটেসের নাসির হোসেনরা মঞ্চে আসেন। সাকিব আল হাসানের পরিবর্তে রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করেন সৌম্য সরকার। এরপরের পর্ব কৃষ্ণ কুমারের (কেকে)। শুরু করেন কিউ আজ কাল নিন্দ কাম খাব জেয়াদাহে দিয়ে। একে একে তু জো মিলা, খুদা জানে, আলবিদাসহ আরো বেশকিছু জনপ্রিয় গান পরিবেশনা করেন।
কেকের পর অনুষ্ঠানের সেরা আকর্ষণের একজন বলিউডের শ্রীলংকান স্টার জ্যাকুলিন ফার্নান্দেজ মঞ্চে ওঠেন। পারফর্ম করেন ‘চিতিয়া কালাইয়া বে’, ‘ইশক কারেঙ্গে’ , ‘ইয়ার না মিলে’ সহ আরো কিছু গানের সঙ্গে পারফর্ম করেন। এরপর শুরু হয় লেজার শো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও থাকে একটি উপস্থাপনা। সবশেষে আসেন অনুষ্ঠানের মধ্যমণি বলিউড সুপার স্টার, ড্যান্স মাস্টার ঋৃত্বিক রোশন। সব দৃষ্টি স্থির ছিলো তার দিকেই। অপেক্ষাও তার জন্যই- কখন মঞ্চে উঠবেন প্রথম ছবি কাহোনা পেয়ার হ্যায় দিয়েই বলিউড মাতিয়ে দেয়া এই স্টার। শেষপর্যন্ত তিনি আসলেন এবং জয় করলেন। নাচলেন ‘ক্রেজি ফোর’ , ‘একপাল হাসিনা’, ‘ধুম ২’ , ‘একপাল কা জিনা’ ও ‘ব্যাং ব্যাং’ গানের সঙ্গে। সেই নাচ দিয়েই পুরো স্টেডিয়ামকে নাচিয়ে তুলে শেষ করেন সবকিছু।
শিল্পীদের পারফরম্যান্স শেষে লেজার শো আর আতশবাজি দিয়ে শেষ হয় বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন