শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
কক্সবাজার ঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দুজনের ফাঁসির রায় কার্যকরকে সামনে রেখে কক্সবাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব সদস্যের পাশাপাশি মাঠে নেমেছেন বিজিবি সদস্যরা।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে কক্সবাজার জেলাব্যাপী এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশ, র্যাব সদস্যদের পাশাপাশি জেলাব্যাপী বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে বিজিবি সদস্যরা কক্সবাজার শহরসহ অন্যান্য উপজেলা ও প্রধান সড়কে টহল অব্যাহত রেখেছে।
বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, কক্সবাজারে শহরে পাঁচ প্লাটুন এবং অন্যান্য উপজেলায় প্রয়োজন সংখ্যক বিজিবি সদস্য টহল শুরু করেছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ সংবাদমাধ্যম কে জানান, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে কক্সবাজার জেলাব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছে।
এর আগে বিভিন্ন সময় মানবতাবিরোধী অপরাধে ঘোষিত রায় এবং ফাঁসি কার্যকর নিয়ে প্রাণহানিসহ নানা নাশকতা সংঘটিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এরূপ সতর্কতা গ্রহণ করেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে দাবি করা হয়েছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
