বুধবার,২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
নিউজ ডেস্ক ঃ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ৩০ নভেম্বর থেকে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন।
৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন আসামিপক্ষ ও ০৭ ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ। ০৮ ডিসেম্বর আসামিপক্ষের জবাবি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ আপিল মামলার শুনানি।
বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ শুনানি শুরু হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অপর বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বুধবার (২৫ নভেম্বর) শুনানির ৬ষ্ঠ দিনে আসামিপক্ষে ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন শেষ করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান।
গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর নিজামীর পক্ষে এক নম্বর অভিযোগ উত্থাপন করেন অ্যাডভোকেট-অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। ১৭, ১৯, ২৩ ও ২৪ নভেম্বর পরবর্তী চারদিন শুনানি করেন এস এম শাহজাহান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা দেন।
এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন