বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
বিনোদন ডেস্ক : সুপারস্টার অভিনেতা সালমান খানের উপস্থাপনায় ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে প্রথমবারের মত এক হতে পারেন সালমান খান ও বলিউড বাদশাহ শাহরুখ খান।
‘বিগ বস-৯’ আয়োজকদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সালমানের আমন্ত্রণে ‘বিগ বস’-এর আসরে আসতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও দিলওয়ালে টিম। আলাপচারিতা চলছে কবে আসবেন তা নিয়ে। সব ঠিক থাকলে সালমানের উপস্থাপনায় প্রথমবার একই মঞ্চে দেখা যেতে পারে শাহরুখকে।’
সম্প্রতি সালমান খানও ‘বিগ বস’-এ শাহরুখকে নিয়ে আসার পরিকল্পনা প্রসঙ্গে বলেছিলেন, শোতে শাহরুখকে নিয়ে আসলে আমার ভালোই লাগবে। আমিও চাই সে আসুক। যদি তার হাতে সময় থাকে, ব্যস্ততা কাটিয়ে শিডিউল মেন্টেইন করে যদি আসতে পারে তাহলে তাকে সবসময় স্বাগতম।’
মনে করা হচ্ছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘দিলওয়ালে’র প্রচারণার জন্যই হয়তো তিনি জনপ্রিয় এই টিভি শোতে আসবেন। তাছাড়া সদ্য মুক্তি পাওয়া সালমানের অন্যতম ব্যবসাসফল ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ‘দিলওয়ালে’ টিমকে। । অন্যদিকে শাহরুখের ‘দিলওয়ালে’র প্রচারণা চালাতেও দেখা গেছে সালমানকে। এইসব ইঙ্গিত মিলিয়ে সত্যিই ধারণা করা হচ্ছে হয়তো শিগগিরই সালমানের উপস্থাপনায় বিতর্কিত টিভি শো ‘বিগ বস’-এ আসবেন শাহরুখ!
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন