বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশ ভারতে তীর্থ দর্শনে গেছেন ১২০ সনাতন ধর্মাবলম্বী।বুধবার তাদের আনুষ্ঠানিক বিদায় জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এ সময় মেয়র বলেন, ‘বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সাধারণ জনগণ অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয়। উভয় দেশের কিছু কিছু ধর্মীয় স্থান রয়েছে। বিশেষ করে ভারতের দর্শনীয় স্থান, তীর্থস্থান অনেক বেশি ও গুরুত্বপূর্ণ।’
তীর্থ দর্শনের মধ্যে দিয়ে উভয় দেশের সম্প্রীতির বন্ধন আরও সূদৃঢ় হবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
তীর্থ দর্শনার্থীদের বিদায় উপলক্ষে নগর ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের তীর্থ দর্শন কমিটির আহ্বায়ক কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
সদস্যসচিব লায়ন আশীষ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, নিলু নাগ, কমিটির সদস্য এসকে পাল, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠক অনুপ বিশ্বাস প্রমুখ।
ভারতের চেন্নাই, গয়া, কলকাতা, তারাপিঠ, ভবনেশ্বর, পুরি, তিরুপতি, মাধুরাই, কন্যাকুমারী, পন্ডিচেরি’র তীর্থস্থান দর্শন করবেন তারা।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
