বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : নগরীর হাজারী গলিতে ভেজাল ওষুধ বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের ওপর হামলার ঘটনায় আটককৃতদের রোববারের মধ্যে ছেড়ে দেয়া না হলে সোমবার থেকে সারাদেশে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সহ সভাপতি নুরুল গণি এ দাবি জানান।
তিনি বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে হাজারী গলিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আমাদের ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় ১২জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলাও করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রামের সক ওষুধের দোকান বন্ধ থাকবে। এরপর রোববার থেকে টানা সাতদিন সারা দেশব্যাপী আমাদের ওষুধ ব্যবসায়ীরা সর্বাত্মক হরতাল পালন করবে।’
গত মঙ্গলবার সকালে হাজারী হলিতে ওষুধের দোকানে ভেজাল বিরোধী অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ১২ জনকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন, বিপ্লব ঘোষ (৪৫), রণজিৎ দাশ (৩০), শুভ বিশ্বাস (২৬), , রনি দে (২০), পলাশ মজুমদার (২৫), নয়ন কান্তি (২০), লিটন দাশ (২২), জুয়েল দে (২১), শুভ দে (২০), সনজিৎ দে (২০), টিপু দেব (২২) ও কনক দেব (২০)।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের ওপর হামলার ঘটনায় রাতেই চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের অফিস সহকারি জামাল উদ্দিন বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রাম কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সমীর কান্তি সিকদারসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। হামলায় অজ্ঞাতনামা আরও দু’শ থেকে তিন’শ জন জড়িত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ওইদিন ঘটনাস্থল থেকে পুলিশ ১২জনকে গ্রেপ্তার করেছিল।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
