বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ ডটকম
জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগড়াবাড়ি ছিটমহলের ২১ পরিবারের ১০৫ বাসিন্দা চতুর্থ দফায় স্থায়ীভাবে আজ ভারত গেছেন।
শেষ দফায় ১০৮ জনের তালিকা থাকলেও জমি বিক্রি করতে না পারায় তিন জনের যাওয়া হয়নি। বাদ পড়া এ ৩ জন ৩৪ জনের সাথে আগামী ৩০ নভেম্বর একই সীমান্ত দিয়ে ভারতে যাবেন।
নাগরিকত্ব বদল করে স্থায়ীভাবে ভারত যেতে বুধবার বিলুপ্ত দহলা খাগবাড়ি ছিটমহলের বাসিন্দারা মালামালসহ দেবীগঞ্জ ডিগ্রি কলেজে জড়ো হন। সেখানে রাত্রিযাপন শেষে আজ বৃহস্পতিবার সকালে তারা ভারত যাত্রা করেন। দুপুরের পর নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করবেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম তাদের বিদায় জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফিকুল ইসলাম।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, পঞ্চগড়ের সব’কটি বিলুপ্ত ছিটমহল থেকে দু’জন নবজাতকসহ ৪৮৯ জন ভারতে যাওয়ার কথা থাকলেও বুধবার পর্যন্ত চার দফায় ৪৫০ জন ভারতে গেছেন। অবশিষ্ট রয়েছেন ৩৯ জন। এদের মধ্যে ৩৪ জন লালমনিরহাট জেলার বুড়িমারি সীমান্ত দিয়ে ৩০ নভেম্বর ভারত যাবেন। ৫ জন যাবেন না।