সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-06-26 19:00:35 PM BdST
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদের ১১তম সাধারণ সভা রবিবার (২৬ জুন) বিকেলে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত ১১তম সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিগত সাধারণ সভার পর থেকে ১১তম সাধারণ সভা পর্যন্ত সময়ে নগরীতে মৃত্যুবরণকারী নাগরিকদের আত্মার মাগফেরাত এবং চট্টগ্রাম সহ দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করা হয়। সভায় ১১ মে অনুষ্ঠিত দশম সাধারন সভার কার্যবিবরনী অনুমোদন, স্থায়ী কমিটি সমূহের কার্যবিবরনী আলোচনান্তে অনুমোদন করা হয়।
সভার সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সভাপতির বক্তব্যে বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। প্রতি বছর মার্চ মাসের মধ্যে উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে। সে লক্ষে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগামী ২৫ জুলাই তার দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি ইঞ্জিনিয়ারস ইনষ্টিটিউট মিলনায়তনে পালন করা হবে।
মেয়র বলেন, চলতি বর্ষা মৌসুমে নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে পরিকল্পিত বৃক্ষ রোপন অভিযান পরিচালিত হবে এবং ১ আগষ্ট থেকে ৩১ ডিসেম্বর এর মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। তার মেয়াদের মধ্যে পরিকল্পিত নগরায়ন এবং নগরীর অলিগলি শতভাগ আলোকিত করা হবে।
১১ তম সাধারণ সভায় নির্বাচিত কাউন্সিলরদের সম্মানিভাতা অষ্টম জাতীয় বেতন স্কেলের আলোকে পুন: নির্ধারনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাবরে প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ছাড়াও সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীন অডিট পরিচালনা, কায়সার নিলুফার কলেজে স্নাতক কোর্স চালু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট বার্ণ ইউনিট চালু, সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়াকে চাকুরীর অবসরের পর থেকে অস্থায়ী ভিত্তিতে কনসালটেন্ট হিসেবে নিয়োগ প্রদান, বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামকে আধুনিকায়ন করণ, মেয়র গোল্ডকাপ ২০১৬ আয়োজন, নগরীর ব্যস্ততম এলাকায় নতুন নতুন ফুটওভার ব্রীজ নির্মাণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিদ্ধমান খালী জায়গাগুলোকে পরিকল্পিত ভাবে উন্নয়ন করা, ৪নং চান্দগাঁও ওয়ার্ড কার্যালয়ের স্থানে ২৫ তলা বহুতল ভবন নির্মাণ, ওয়ার্ডে জন্মনিবন্ধন কার্যক্রম তদারকিকরণ, দূর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা, সেবক কলোনী সমূহের বিদ্যুৎ বিল পরিশোধের সহজ উপায় উদ্বাবন করা, সড়ক বাতির সাথে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, নগরীর সকল মিড আইল্যান্ডে বৃক্ষ রোপন ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন করা,
প্রতিটি ওয়ার্ডে বৃক্ষ রোপন অভিযান পরিচালনা করা, ঈদের পূর্ব পর্যন্ত বাজার পর্যবেক্ষন ও মনিটরিং অব্যাহত রাখা, সিটি কর্পোরেশন পরিচালিত ২১টি বাজারে ডিজিটাল পরিমাপক যন্ত্র স্থাপন করা, তথ্য, প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য করতে ওয়ার্ডে ডিজিটাল সেন্টার স্থাপন, সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল, কলেজ ও হাসপাতাল, বাণিজ্যিক স্থাপনা, ওয়ার্ড কাউন্সিল অফিস সহ সকল স্থাপনা ঝুঁকিপূর্ণ কিনা তা নিরুপন করার জন্য সম্পাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ইসিএলইসিটিআইসি-কে দায়িত্ব প্রদান, প্রতিটি ওয়ার্ড অফিসকে বহুবিদ ব্যবহার উপযোগী করে সাজানো, অবকাঠামো ইনভেন্টরী করা, এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানাওয়ার আলী, চট্টগ্রাম বিমান বন্দর ড্রাইডক থেকে বিমান বন্দর ঘাটি পর্যন্ত স্কোয়াড্রন লিডার মো. শাফায়েত সরওয়ার এর নামে রাস্তার নামকরণ করা এবং আগামী ঈদুল ফিতর এর প্রথম ও প্রধান জামাত সকাল ৮:৩০ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ : ৩০ টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

