মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আদালত প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আদালত।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন ।প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি চলে। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান নিজামীর পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন। বেলা ১২টার পর তিনি নিজামীর মামলার আপিলের পেপারবুক আদালতে পড়া শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত তিনি পেপারবুকের কিছু অংশ আদালতে পড়ে শোনান।
২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীর মামলার রায় ঘোষণা করেন।
রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধের রায়ে নিজামীর ফাঁসির দণ্ড দেয়া হয়।
আটটির মধ্যে বাকি ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বাকি অন্য আট অভিযোগ প্রমাণিত না হওয়ায় তকে ওইসব অভিযোগ থেকে খালাস দেয়া হয়।
একই বছরের ২৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।
৬ হাজার ২৫২ পৃষ্ঠার এ আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।




