নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ৬ জুন ২০১৬
চট্টগ্রাম: জামিন পাওয়ার পরও জানে আলম নামে এক আসামিকে গ্রেফতার করায় নগরীর পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন এবং উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কৈফিয়ত দিতে বলেছেন আদালত।
সোমবার (০৬ জুন) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দেন।
জানে আলম নগরীর পতেঙ্গা থানা এলাকার বাসিন্দা। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে দণ্ডবিধির ৩২৩ ও ৩০৭ ধারায় প্রতিবেশি হোসনে আরার দায়ের করা এক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালতের পরোয়ানামূলে ৩০ মে জানে আলমসহ চার আসামি আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশের নথি ওইদিনই পতেঙ্গা থানায় জমা দেয়া হয়।
তিনি আরো বলেন, ‘কিন্তু আদালতের আদেশ অমান্য করে ৩ জুন আবারও জানে আলমকে গ্রেফতার করেন পতেঙ্গা থানার এস আই মিজানুর রহমান। ওইদিন শুক্রবার হওয়ায় জানে আলমের পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না। আগে জামিন পাবার বিষয়টি উত্থাপন না করায় আদালত জানে আলমকে আবারও কারাগারে পাঠান।’
সাইমুল জানান, সোমবার জানে আলমের পক্ষে আদালতে একটি আবেদন জমা দেয়া হয়। এতে আদালতের আদেশ অমান্য করায় পতেঙ্গা থানার ওসি ও এস আই মিজানুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আরজি জানানো হয়। শুনানি শেষে আদালত জানে আলমকে মুক্তির নির্দেশ দেয়ার পাশাপাশি দুই পুলিশ কর্মকর্তাকে শোকজ করেন।

