সিএমপি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬
চট্টগ্রাম : কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলার পর বন্দরনগরী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবারের (৭ জুলাই) ওই হামলায় দুই পুলিশ সদস্য ও এক সন্দেহভাজনসহ নিহত হন চার জন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম কে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।
তিনি বলেন, আমরা যথেষ্ট সতর্ক রয়েছি। শহরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সব জায়গার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি, নগরীতে অধিক জনসমাগম হয় এমন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
বন্দরনগরীর কূটনৈতিক অফিস, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, শপিং মল, বাস টার্মিনাল, রেল স্টেশন এবং বিমানবন্দরের মতো স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ঢাকার জিম্মি ঘটনার পর সতর্কতা হিসাবে দ্রুত বন্দরনগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা শহরে পুলিশ টহল জোরদার করেছি।



You must log in to post a comment.