সোমবার,১১ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ট্যালেন্ট হান্টের মাধ্যমে ক্রিকেটার, গায়ক খুঁজে বের করার কথা আমরা জানি। আমি গিয়েছিলাম বুয়া খুঁজতে।
স্থানঃ ষোলশহর রেলওয়ে বস্তি।
বস্তি যেখানে শুরু সেখানে পৌছনোর আগেই ভেসে আসছে গান, “বন্ধুর দুইটা চোখ যেন দোনালা বন্দুক, হাহ! গুলি মাইরা,- — ঠিসসসসা, গুলির শব্দ।
কিছুদুর যেতেই এক বৃদ্ধার মুখোমুখি। আগমনের হেতু জানালাম। কথা প্রসংগে তার বয়স জানালেন, তিন কুড়ি পার। সহ্রদয়বতী। আমাকে পাশের বাড়ির গলিতে দাড় করিয়ে ভেতরে ঢুকলেন। ফিরে এলেন কাংখিত এক বুয়াকে নিয়ে। জিজ্ঞেস করলাম, আগের কাজের অভিজ্ঞতা সম্পর্কে। বললেন, থামেন! আগে কন আপনি ব্যাচেলর কি না? ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, যদ্দুর মনে পড়ে, আমি ব্যাচেলর না বলেইতো জানতাম। বাসায় কে কে আছেসহ মোটামুটি নাতিদীর্ঘ একটি ইন্টার্ভিউয়ের সামনে পড়লাম। শেষে, আসি বলে তিনি অন্দরে মিলিয়ে গেলেন। ১০ মিনিটেও যখন ফিরলেন না, তখন ঐ “তিনকুড়ি+”‘কে ভেতরে পাঠালাম। মিনিট কয়েক বাদেই উনি ফিরে এলেন, একা, নিঃসংগ, সর্বহারা চেহারা নিয়ে। বললেন, সেই আশা জাগানিয়া বুয়া নাকি আরো কয়েকজন সমগোত্রীয়ের সংগে বৈঠকে বসেছিলেন। ভাংগা বেড়ার ফাক দিয়ে উকি মেরে মেরে নাকি আমার সুরত পরীক্ষাপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আমি একজন ব্যাচেলর।
আমার ঠোটে কচি পাতার ফাক গলিয়ে উকি মারা ভোরের সূর্যের মিহি হাসি, আমি ব্যাচেলর বলে। হ্রদয়ে চিনিচিনে ব্যথা, বুয়া হাণ্টের ব্যর্থতায়।
হঠাৎ মুখ ঘুরিয়ে ঐ হ্রদয়বতী খালাকে বললাম, হ্রদয়হীনা ঐ বুয়ার ব্যাচলরে কি সমস্যা?
একটা দীর্ঘশ্বাস!!
“বাজানরে গরীবের সম্মান ছাড়া যে আর কিছু নেই”।
এখানেও গলা ফাটানো গান বাজছে, “বুকটা ফাইট্যে যায়—-”
আমি ফিরতে ফিরতে ভাবছিলাম, অবিশ্বাসের বিষ ছড়িয়ে পড়েছে বেদের বহর থেকে প্রশাসন, টেকনাফ থেকে তেতুলিয়া, কর্ডোভা থেকে কাশগড়- সর্বত্র।
ঘরে ফিরে ভাবলাম, আরে! এই অবিশ্বাসেরতো একটি বড় ইতিবাচক দিকও আছে। অবিশ্বাস থেকেই ব্রেনে জন্ম নেয় নানা প্রশ্ন। সেইসব প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে একটা ভাল, যুক্তিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। বদ্ধমূল বিশ্বাস কোন চ্যালেঞ্জের মুখে পড়তে ভয় পায়, তাই গোড়া বিশ্বাস থেকে নতুন কোন গঠণমূলক সিদ্ধান্তেও পোঁছানো সম্ভব না, সম্ভব না নতুন কোন মানবকল্যাণমুখী সিস্টেম প্রবর্তন করা। সম্ভব না, সত্য বা সত্যের কাছাকাছি পৌঁছানো।
লেখক : জাহিদুর রহমান
শিক্ষক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়



You must log in to post a comment.