Economic News Desk, Ctgbarta24.com
Friday, 5August, 2016, Published: 06:46:15 PM
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের (ফেড) অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) এক বিলিয়ন পেসো বা ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটিই দেশটির কোনো ব্যাংকে সবচেয়ে বড় অংকের জরিমানা।
এদিকে, রিজাল ব্যাংক এক বিবৃতিতে বলেছে, তারা এক বছরের মধ্যে দুই কিস্তিতে জরিমানার অর্থ পরিশোধ করবে।
গত ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৯৫ কোটি ১০ লাখ ডলার সরানোর চেষ্টা হয়। এর অধিকাংশ আটকে গেলেও চারটি বার্তায় আরসিবিসিতে পাঠানো হয় ৮ কোটি ১০ লাখ ডলার।
ফিলিপাইনে যাওয়া অর্থের পুরোটাই স্থানীয় মুদ্রায় বদলে ফেলা হয়; যার বড় একটি অংশ চলে যায় জুয়ার টেবিলে।
অন্যদিকে, ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে, চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে তারা।
রয়টার্সেরই এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা অন্তত দেড় কোটি ডলার এখনই ফেরত পাবেন বলে আশা করছেন।
ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ রয়টার্সকে বলেছেন, এ অর্থ ফেরত পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা।
তবে ফিলিপাইনের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশকে নিয়মানুযায়ী প্রমাণ করতে হবে যে এ অর্থ তাদের।
উল্লেখ্য, ১ ডলার= ৪৬.৮৯০০ ফিলিপিনো পেসো।



You must log in to post a comment.