জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ৫ আগস্ট ২০১৬

মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক ছিলেন দাউদ পাটোয়ারী।
ঢাকা: রাজধানীর শুলশানের হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার মিরপুর এলাকার আরিফাবাদ হাউজিংয়ের তত্ত্বাবধায়ক দাউদ পাটোয়ারীকে কারাগারে পাঠানো হয়েছে।
দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আসামিকে আদালতে হাজির করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার ভক্ত সাংবাদিকদেরকে বলেন, আসামি দাউদ পাটোয়ারীকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২ আগস্ট দাউদকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দাউদ পাটোয়ারীর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামে।
দাউদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ‘আসামি দাউদ পাটোয়ারী মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক।’
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে ওই হামলাকারীদের ঢাকার অবস্থান শনাক্ত করা হচ্ছিল।
প্রাথমিক তদন্তে দেখা যায়, হামলাকারীদের কেউ আরিফাবাদ হাউজিংয়ের উল্লিখিত বাসায় থেকে জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছিলেন। এই আসামি ওই বাসার তত্ত্বাবধায়ক। তিনি ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে বাসা ভাড়া দিয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, ‘ওই ব্যক্তি জঙ্গি-সংশ্লিষ্ট কেউ একজন। ওই ব্যক্তির কোনো স্থায়ী ঠিকানা এই তত্ত্বাবধায়ক রাখেননি।’


You must log in to post a comment.