‘রিও অলিম্পিক ২০১৬’
সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৬ আগস্ট ২০১৬

‘রিও অলিম্পিক গেমস ২০১৬’ এর মার্চপাস্টে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ দলের লাল সবুজের জাতীয় পতাকা বহন করছেন সিদ্দিকুর রহমান।
প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জনকারী সিদ্দিকুর রহমান ‘রিও অলিম্পিক গেমস ২০১৬’ এর মার্চপাস্টে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ দলের লাল সবুজের জাতীয় পতাকা বহনের দায়িত্ব পালন করেন।
বিশ্ব কাঁপানো ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ রিও অলিম্পিক গেমস ২০১৬ এর পর্দা উঠলো বাংলাদেশ সময় ভোর পাঁচটায়। বাংলাদেশ থেকে গলফার সিদ্দিকুর রহমান ছাড়াও এই মার্চপাস্টে ছিলেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা, শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি, আরচ্যারিতে শ্যামলী রায় আর স্প্রিন্টার মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। অন্যরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সুযোগ পেলেও গলফার সিদ্দিকুর সরাসরি ডাক পেয়েছেন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে বাংলাদেশ থেকে এক সদস্যর প্রতিনিধি পাঠানো হয়। ১৯৭৬ মন্টিল অলিম্পিকেও একই অবস্থা। ১৯৮০ সালে বেশ ক’টি দেশ মস্কো অলিম্পিক বয়কট করলে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হয়নি।
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশ থেকে প্রথম ক্রীড়াবিদ পাঠানো হয়। অ্যাথলেট সাইদুর রহমান ডন সেবার বাংলাদেশের পতাকা বহন করেন। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে পতাকা বহন করেন অ্যাথলেট শাহ আলম। ১৯৯২ বার্সেলোনায় মহিলা শ্যুটার কাজী শাহানা পারভীন পতাকা বহন করেন। ১৯৯৬ সালে সাইফুল আলম রিকিংয়ের দায়িত্ব ছিল লাল-সবুজ পতাকা বহনে।
২০০০ সিডনি গেমসে সাবরিনা সুলতানা, ২০০৪ আসিফ হোসেন, ২০০৮ রুবেল রানা ও ২০১২ সালে অলিম্পিক গেমসে পতাকা বহন করেন সুইমার মাহফিজুর রহমান সাগর।
এবার দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার ইতিহাস গড়া গলফার সিদ্দিকুরকে পতাকাবাহক হিসেবে বেছে নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।


You must log in to post a comment.