মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ১ জুন ২০১৬
খেলা : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক। এই ম্যাচে টস জয় করে প্রাইম ব্যাংককে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় আবাহনীর দলনেতা তামিম ইকবাল খান।
ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংকের উপরের সারির ব্যাটসম্যানরা। সাকিব আল হাসান ও সাকলাইন সজীবের ঘূর্ণিতে দলের কেউই বড় ইনিংস খেলতে পারেনি।
কিন্তু মিডেল অর্ডারে নুরুল হোসেন সোহান ও তাইবুরের চল্লিশঊর্ধ্ব ইনিংসে ভর করে ৫০ ওভারে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ২৪০ রান ৯ উইকেটে।
টিকে থাকতে হলে জয় পেতেই হবে এমন ম্যাচে ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও অভিষেক মিত্রর ব্যাটে ভালো সূচনা করে আবাহনী। এই জুটি দলের স্কোর কার্ডে ৩৯ রান যোগ করে বিচ্ছিন্ন হয়।
ইনিংসের ৮ম ওভারে নাজমুলের বলে ১২ রানে অভিষেক আউট হলেও আরেক প্রান্তে দারুন খেলে যান তামিম ইকবাল। কিন্তু শুভাগত হোমের করা ১৩তম ওভারে ৪৬ বলে ৪০ রানের ইনিংস খেলে তামিম আউট হলে কিছুটা খেই হারায় আবাহনী।
কিন্তু তিন নম্বরে নামা শান্ত ও ভারতীয় রিক্রুট ইরফান পাঠানের ব্যাটে ভালোই জবাব দিতে থাকে আবাহনী। শান্ত ৩২ রানে শুভাগত হোমের বলে আউট হলেও ইরফান দারুন খেলে নিজের অর্ধশত রানে পৌঁছে যায়।
পরবর্তীতে সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হলেও গত ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেনের ব্যাটে সহজ জয়ের পথে এগোতে থাকে আবাহনী লিমিটেড। উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসের সাথে ৮৭ রানের ম্যাচ জয়ী জুটি গড়েন তিনি।
মোসাদ্দেকের অপরাজিত ৪৯ বলে ৪টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলে ৪৫তম ওভারে ৫ উইকেট হাতে রেখে আবাহনীর জয় নিশ্চিত করেন।
প্রাইম ব্যাংকের হয়ে অধিনায়ক শুভাগত হোম তিনটি ও নাজমুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। অপরাজিত অর্ধশতকে ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর মোসাদ্দেক হোসাইন।

