শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার একটি মাদ্রাসা থেকে আটক ২৫ মাদ্রাসাছাত্রের মধ্যে অন্তত ১২ জনের সরাসরি জঙ্গি সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে র্যাব।
আটককৃতরা আল-কায়েদার সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারে বলে র্যাবের ধারণা। তবে জঙ্গি সন্দেহে আটককৃতদের কাছ থেকে মোবাইল ফোন, মেমোরি কার্ড এবং মেমোরি কার্ডে কিছু ভিডিও ফুটেজ ছাড়া তেমন কিছু উদ্ধার করতে পারেনি তারা। র্যাবের দাবি এই মাদ্রাসা ছাত্ররা ডিজিটাল জঙ্গি।
গত বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী উপজেলা থেকে ‘জঙ্গি’ সন্দেহে মাদ্রাসা ছাত্রদের আটকের পর শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব এসব তথ্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এবং উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন তথ্য পাওয়ার পর জঙ্গী তৎপড়তায় জড়িত থাকার অভিযোগে হাটহাজারী আলীপুরের আবু বক্কর (রাঃ) মাদ্রাসা এবং হাটহাজারী হাসপাতাল গেইটের তাছে ইসলামিক একাডেমীতে অভিযান চালানো হয়। এই সময় মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ ২৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্তত ১২ জন সরাসরি জঙ্গী সম্পৃক্তরা রয়েছে বলে র্যাব দাবী করেছে।
আটকৃতরা হলো- শেরপুর জেলার শেরপুর থানার নাকপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে আব্দুর রহমান ইবনে আসাদউল্লাহ (২৩), মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীবাড়ি থানার কামার বাড়ি গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ওসমান গনি (২০), শেরপুর জেলার সদর থানার বাগরাবাশা গ্রামের কাজী মহিউদ্দিনের ছেলে মোস্তাকিম বিল্লাহ মাশরুর (২১), ভোলা জেলার লালমোহন থানার ভোলা গ্রামের নাজমুল হোসেনের ছেলে নাবিল হোসাইন (১৯), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চেচুরিয়া আবুল শামার ছেলে মো. সিরাজুল মোস্তাফা সোলাইমান (১৯), পাবনা জেলার আলিমপুর থানার সাগরকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামিম হোসাইন ইসমাঈল (১৮), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার হিম্মত নগর গ্রামের আবিদ আলীর ছেলে মাহমুদুল হাসান (২২), নেত্রকোনা জেলার সদর থানার পাঁচাশি গ্রামের আব্দুল ওক্কাছের ছেলে মো. ইউসুফ (২৩), গোপালগঞ্জ জেলার সদর থানার মুরাদুল ইসলাম শেখের ছেলে শফিকুল ইসলাম শেখ সালাউদ্দীন (১৯), জামালপুর জেলার ইসলামপুর থানার চোনারচর গ্রামের শুকুর মাহমুদের ছেলে রফিকুল ইসলাম যুবায়ের (১৯), গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত আবাবর শেখের ছেলে আব্দুল কাইয়ুম শেখ মানছুর ইসলাম (১৮), শেরপুর জেলার শ্রীবর্দ্দী থানার কুড়ি কাছনীয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (১৯)। আটককৃতদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
