ব্রেকিং নিউজ

আজ আন্তর্জাতিক নারী দিবস।

রবিবার, ৮ মার্চ,২০১৫,কিশোর নীল,সিটিজি বার্তা ২৪ ডট কম।

প্রথম নারী দিবস উদযাপন

প্রথম নারী দিবস উদযাপন

আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটির প্রেক্ষাপট রচিত হয় ১৮৫৭ সালে। সে সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি গার্মেন্টস কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন।আন্দোলন করার অপরাধে গ্রেফতার হন নেতৃত্ব দেয়া নারীরা।এর তিন বছর পরে ১৮৬০ সালের ৮ ই মার্চ গঠন করা যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘নারী শ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। এই দিবস টি স্মরণ করে ১৯০৯ সালে ২৮ শে ফেব্রুয়ারি সমজতান্ত্রিক দল যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নারী দিবস পালন করে।

    ১৯১০ সালের ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেন।এই প্রস্তাবটিকে ওই সম্মেলনে অংশগ্রহণকারী ১৭ টি দেশের ১০০ জন সদস্য সমর্থন দান করেন।কিন্তু তখনো আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য কোন  তারিখ নির্দিষ্ট করা হয়নি।কোপেনহেগেন এ নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৯১১ সালে ডেনমার্ক, জার্মানি, আস্ট্রিয়া, সুইজারল্যান্ড একত্রে ১৯ সে মার্চ আন্তর্জাতিক ভাবে প্রথম নারী দিবস পালন করে।অন্যদিকে রাশিয়া ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করত।
       এর পর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার ঘোষনা দেয়। এর দু বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।এর ফলশ্রুতিতে ১৯৯৫ সালে বেইজিং সম্মেলনে ১৮৯ টি দেশের রাষ্ট্রপ্রধান-গন নারী অধিকার রক্ষায় ঐক্যমত হয়ে এক বিশেষ চুক্তিতে স্বাক্ষর করেন।
          এবারের আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় প্রতিপাদ্য ‘Make It Happens’ বা ‘সম্ভব করে তুলুন’ আর জাতিসংঘের প্রতিপাদ্য হচ্ছে ‘Empowering Women Empowering Humanity: Picture it’ অর্থাৎ নারীর ক্ষমতায়ন মানেই মানবতার ক্ষমতায়ন। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির সূচনা ঘটে।দিনটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব, রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।সরকারি ও বেসরকারি বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানের প্রচার করছে।বিভিন্ন নারী সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ সারাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নানান কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করবে। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে একাধিক নারী সংগঠন মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে।