ব্রেকিং নিউজ

সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে পুলিশের বিশেষায়িত ইউনিট

রোববার, ৮ মার্চ, ২০১৫

মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

Police

সেন্ট্রাল ডেস্ক ঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ২৮তম বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সহিংসতা ও নাশকতা রোধে পৃথক কোন স্পেশাল ফোর্স গঠনের সম্ভাবনা নেই। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট গঠনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিভিন্ন অপরাধ মোকাবেলায় পুলিশ বাহিনীতে আরো ৫০ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল জানান, দেশের বিভিন্ন কারাগারে এক হাজার ১৩৯ জন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী রয়েছে। তাদের মধ্যে ২০ জন নারী আসামী। এ সংখ্যা চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৬৮ জন নারী সদস্য কর্মরত আছেন। এরমধ্যে পুলিশ সুপার একজন, অতিরিক্ত পুলিশ সুপার ৬ জন, সিনিয়র এএসপি ২ জন, এএসপি ৪জন, মেডিকেল অফিসার ২জন, ইন্সপেক্টর ৯জন, সাব-ইন্সপেক্টর ১৬ জন, এএসআই ৪১ জন, কনস্টেবল ৮৫জন, বাবুর্চি একজন এবং একজন পরিচ্ছন্ন কর্মী। এসব নারী সদস্যদের মেয়াদ শেষে তাদের পরিবর্তে রোটেশেন নারী সদস্যদের মিশনে পাঠানোর কার্যক্রম চলছে।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক হাজার ৩৫৭ জন পুলিশ সদস্য কর্মরত আছেন। এরমধ্যে ১৪০ জন মুক্তিযোদ্ধার সন্তান। তবে মিশনে কোন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য নেই।

About admin