মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪.কম
নোয়াখালী ঃ লিবিয়া থেকে ইসলামী স্টেট (আইএস) জঙ্গিদের হাতে অপহরণে শিকার নোয়াখালীর আনোয়ার হোসেন লিটনের পরিবারে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিটনের অপহরণের খবর পায় তার পরিবার। এরপর থেকেই তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের মধ্যে চরম উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দেয়।
অপহৃত লিটন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. ইউনুছের ছেলে। দেশে তার স্ত্রী মারুফা, ছেলে রাহিম, মেয়ে রাইসা, মা-বাবা, তিন ভাই ও তিন বোন রয়েছে।
মঙ্গলবার বিকেলে লিটনের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন ও আত্মীয়রা জানান, জীবিকার তাগিদে লিটন ২০০৮ সালে লিবিয়া যান। তিন বছর আগে একবার দেশে এসে ঘুরে গেছেন। গত ৪ মার্চ তার স্ত্রী মারুফার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে হয়। এরপর থেকেই সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন।
লিবিয়া থেকে সহকর্মী এনামুল লিটনের পরিবারের সদস্যদের জানান, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন কর্মস্থল থেকে লিটনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সে জীবিত আছে। তবে কোথায় আছে তা কেউ জানে না।
এদিকে, ছেলের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় লিটনের বৃদ্ধ বাবা মো. ইউনুছ (৭৫) আর মা আফরোজা বেগম (৬৩) দিশেহারা। কথা বলতে গিয়ে তারা বারবার কান্নায় ভেঙে পড়েন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা সিটিজিবার্তা২৪.কম কে জানান, লিবিয়া প্রবাসী আনোয়ারের অপহরণের বিষয়টি আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি।
কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী, পরিবারের লোকজন ও স্বজনরা অপহৃত আনোয়ারকে জীবিত উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ চেষ্টা করা হয় তার দাবি জানিয়েছেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper

