বুধবার ২৫ মার্চ ২০১৫ সিটিজি বার্তা ২৪.কম, বিনোদন ডেস্ক : আবারও ‘দ্য এক্স-ফাইলস’ সিরিজ নিয়ে ছোট পর্দায় ফিরছেন ডেভিড ডুকোভনি ও জিলিয়ান এ্যান্ডারসন। তবে নতুন সিরিজটির ব্যাপ্তি মাত্র ৬ পর্বে। সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণায় এমনটা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ভ্যারাইটি জানায়, এফবিআই এজেন্ট ফক্স মোল্ডার ও ডানা স্কালি চরিত্রে ফিরছেন ডেভিড ডুকোভনি ও জিলিয়ান এ্যান্ডারসন। প্রযোজনা করছে টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স টিভি ও টেন থার্টিন প্রডাকশন্স। পরিচালনা করবেন সিরিজটির স্রষ্টা ক্রিস কার্টার। ক্রিস মনে করেন, মাঝখানের ১৩ বছর ছিল বাণিজ্যিক বিরতির মতো। এখন নতুন ৬টি গল্প বলার উপযুক্ত সময়।
কয়েক বছর ধরে মিনি সিরিজ আকারে পুরানো জনপ্রিয় সিরিজ নির্মাণ রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। গত বসন্তে মুক্তি পায় জনপ্রিয় সিরিজ ‘২৪’ এর ১৩ পর্বের মিনি সিরিজ। ইতোমধ্যে এনবিসি পরিকল্পনা করেছে ‘হিরোস রিবর্ন’-এর মিনি সিরিজ নির্মাণের।
অতিপ্রাকৃতিক ও কল্প বৈজ্ঞানিক রহস্য নির্ভর কাহিনী নিয়ে ‘দ্য এক্স-ফাইলস’ নির্মিত হয়। এটি ১৯৯৩-২০০২ সালের মধ্যে ৯টি সিরিজে অনএয়ার হয়। মুক্তি পায় দুটি এক্স-ফাইলস মুভি— ‘দ্য এক্স-ফাইলস : ফাইট দ্য ফিউচার’ (১৯৯৮) ও ‘দ্য এক্স-ফাইলস : আই ওয়ান্ট টু বিলিভ’ (২০০৮)। সিরিজটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হয়ে দারুণ সাড়া পায়। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা আসল।
Ctgbarta24.com 24 hours Online News Paper