বৃহস্পতিবার ২৬ মার্চ ২০১৫ সিটিজি বার্তা ২৪.কম, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সপ্তম বারের মত ফাইনালে উঠেছে টিম অস্ট্রেলিয়া। ২য় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অজিরা। ২৯ মার্চ মেলবোর্নে শিরোপার লড়াইয়ে ক্লার্কদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিডনিতে আগে ব্যাট করে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৭ উইকেটে করে ৩২৮ রান। জবাবে, ১৯ বল বাকী থাকতে ২৩৩ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন স্টিভ স্মিথ।
এই যে ইতিহাস গড়ার উৎসব। হয়তোবা বর্তমান চ্যাম্পিয়নদের অহংবোধ মাটিতে নামিয়ে আনার উচ্ছ্বাসও। অথবা আবারো এক বিশ্বকাপ পর ফাইনাল খেলার স্বস্তিবোধ। যেভাবেই বলা হোক না কেন, হলুদ রঙয়ের জোয়ারে ধুয়ে মুছে গেলো নীল রঙয়ের শতকোটি সমর্থকদের স্বপ্ন। এসজিতে হারের বিষে গাঢ়ো নীল হলো ধোনীর ভারত। যেখানে একটাই সুর বাজছে প্রস্তুত এমসিজি। প্রস্তুত ক্লার্ক বাহিনী। সপ্তম বিশ্বকাপ ফাইনালে ওঠার টিকিট যে এখন অজিদের হাতে। তাই তো এমন উল্লাস।
এর আগের গল্পে, সিডনি ক্রিকেট গ্র্যাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা অজিরা দলীয় ১৫ রানে হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এরপর, দারুণ ব্যাটিং করে অ্যারন ফিঞ্চের সাথে শক্ত জুটি গড়েন ষ্টিভ স্মিথ। তবে, দলীয় ১৯৭ রানে আবারো আঘাত হানেন যাদব। ভাঙ্গেন ফিঞ্চ ও স্মিথের ১৮২ রানের গুরুত্বপূর্ণ জুটি।
পরে, দারুণ ধৈর্য ধরে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন অজিদের বর্তমান সময়ে সম্ভাবনাময় ক্রিকেটার স্টিভ স্মিথ । তবে, ১০৫ রানে থামেন তিনি।
এরপর, গ্লেন ম্যাক্সওয়েলকেও ফিরতে হয় ২৩ রান করে। পরে টিকতে পারেন নি অ্যারন ফিঞ্চও। ব্যক্তিগত ৮০ রানে তিনি আউট হলে ভেঙে পড়ে অজি মিডল অর্ডার। শেষ দিকে, জনসনের ৯ বলে ঝড়ো গতির ২৭ রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।
টার্গেটটা ৩২৯ রানের। এতো বড় লক্ষ্য তাড়া করে বিশ্বকাপে জয়ের নজির নেই টিম ইন্ডিয়ার। তারপরও বিলিয়ন ভারতীয়দের স্বপ্ন দেখিয়ে ওপেনিং জুটিতে ৭৬ রান যোগ করেন ভারতীয় ওপেনাররা। ধাওয়ান ৪৫ রানে আউটের পরই শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল।
Ctgbarta24.com 24 hours Online News Paper