০৫ এপ্রিল রবিবার ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম, ঢাকা : বাঙালির জাতীয় উৎসব বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ে পুলিশ সদর দফতরসহ মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের দফতরে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। রাজধানীর বেশি লোক সমাগমস্থল রমনা পার্কেও পুলিশ ও র্যাবের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।
রাজধানীর পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে রবিবার বাংলা নববর্ষ ১৪২২ বরণ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, বর্ষবরণের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
এ সময় ঢাকা মহানগর, জেলা ও উপজেলাসহ সারাদেশে আয়োজিত বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের সকল সিনেমা হল এবং জনসমাগমস্থলে আগের তুলনায় আরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশ মহাপরিদর্শক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশ দেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper