সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম ঃ চট্টগ্রামের কোতোয়ালি থানার মিডটাউন নামক একটি আবাসিক এলাকা থেকে বিপুল অস্ত্রসহ তিন জঙ্গিকে আটক করেছে র্যাব-৭। আটককৃতরা বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের লটমনি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের অস্ত্র সরবরাহকারী বলে জানিয়েছে র্যাব।
রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই তিন জঙ্গিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি একে-২২ রাইফেল, ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার মিডটাউন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় এই বাসায় অবস্থানকারী বাঁশখালী জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী মোজাহেরকে আটক করা হয়। পরে মোজাহেরের স্বীকারোক্তি মতে নগরীর কসমোপলিটন আবাসিক এলাকার অপর একটি বাসায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ৫টি একে-২২ রাইফেল, ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। এই বাসা থেকে আটক করা হয় আরো দুই জঙ্গি সদস্যকে। এদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্য জঙ্গি সদস্য ও অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে র্যাব।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাতে বাঁশখালীর সাধনপুর এলাকার লটমনি পাহাড়ে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ সরঞ্জামসহ বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে আটক করা হয়। এর পর থেকে এই জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী জঙ্গিদের আটকের চেষ্টা চালিয়ে আসছিল র্যাব।
Ctgbarta24.com 24 hours Online News Paper
