মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম ঃ বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ মনজুর আলমের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম।
এছাড়া মনজুর আলমের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে মনজুুর আলমের ছোট ভাই আলহাজ আবুল কাসেমের গুরুতর অসুস্থতার খবর পেয়ে এই দুই নেতা ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী এম মনজুর আলমের বাসায় যান তারা।
মনজুুর আলমের পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে ১০টায় দিকে প্রথমে নেতা-কর্মী নিয়ে সোলেয়মান আলম শেঠ মোহাম্মদ বাসায় আসেন। তিনি শিল্পপতি আবুল কাসেমের ব্যাপারে খোঁজ খবর নেন। মনজুর আলমকে সহানুভূতি জানান। অসুস্থ আবুল কাসেমের আশু সুস্থতা কামনা করেন তিনি। তিনি বাসায় প্রায় আধাঘণ্টা সময় অতিবাহিত করেন। মনজুর আলমের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে নির্বাচন কমিশনের দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেন সোলেয়মান আলম শেঠ।
এর পর পরই মনজুর আলমের বাসায় আসেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সৈয়দ মো. ইব্রাহিম মনজুর আলমকে মেয়র প্রার্থী হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন- সরকারের দুঃশাসনের জবাব দিতে সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট অংশগ্রহণ করেছে। তাই এই নির্বাচনে আমাদের জিততেই হবে। এ বিজয়ের মাধ্যমে সরকার পতনের আন্দোলন তরান্বিত করবে। তিনি মেয়র প্রার্থী মনজুর আলমকে বিজয় করার লক্ষ্যে সর্বাত্মক কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper
