ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ২৬ এপ্রিল রাত ১২টা থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ

CTG_thereport24 ২৩ এপ্রিল বৃহস্পতিবার ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ১৭ হাজার পুলিশ ও আনসার সদস্য এবং এক ব্যাটালিয়ান সেনাবাহিনী মোতায়েন করা হবে।

চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

মো. আবদুল বাতেন বলেন, চসিকে ৭১৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোতে ২৪ জন ও সাধারণ কেন্দ্রেগুলোতে ২২ জন করে পুলিশ-আনসার সদস্যের একটি করে টিম রাখা হবে। কেন্দ্রের বাইরে ওয়ার্ড ভিত্তিক থাকবে একজন করে ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, পুলিশ ও বিজিবি’র আলাদা আলাদা স্ট্রাইকিং ফোর্স। তার মধ্যে ১৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচনে টহলের জন্য সঙ্গে থাকবে এক ব্যাটালিয়ান সেনাবাহিনী।

এছাড়া ২৫ এপ্রিল নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি ‘আইনশৃঙ্খলা কন্ট্রোল সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন রাত ১২টার পর থেকে কোনো বহিরাগত চট্টগ্রামে থাকতে পারবে না। সেটা মনিটরিং করতে আবাসিক হোটেল, রেস্ট হাউজ ও গেস্ট হাউজে ২৫ এপ্রিল রাতে তল্লাশি চালানো হবে। ২৬ এপ্রিল রাত ১২টা থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে অনুমোদিত ছাড়া বাকি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

রিটার্নিং অফিসার বাতেন আরও বলেন, ২৫ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে মোটর সাইকেল চলতে পারবে না। সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কমিশনের নির্ধারিত স্টিকার দিয়ে মোটর সাইকেল চালাতে হবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে টেক্সিক্যাব, অটোরিক্সা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক, লঞ্চ, স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ২৯ এপ্রিল পর্যন্ত নগরীতে মোটর সাইকেল চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে মহাসড়কে যানবাহন চলাচলে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে তিনি জানান।