বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল সী-হ্যাভেন গেষ্টহোম থেকে উদ্ধারকৃত বৃদ্ধের ঝুলন্ত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করার পর অবশেষে তার পরিচয় পাওয়া গেছে। তিনি ভূমি মন্ত্রনালয় ও দুদকের সাবেক সচিব দেলোয়ার হোসেন। তার পরিচয় জানার পর নড়েচড়ে বসেছে কক্সবাজারের প্রশাসন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ২৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ৩টার দিকে কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল সী-হ্যাভেন গেষ্টহোম হোটেলের ১০১ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট।
ঘটনাস্থল পরিদর্শন করা কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, হোটেল কক্ষের ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছিল। লাশের সাথে ৮ পৃষ্ঠার একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে কোন পরিচয় জানা যায়নি। সুইসাইড নোটে শুধুমাত্র নাম উল্লেখ ছিল। হোটেলের খাতায় পরিচয় এন্ট্রি নেই।
এ ব্যাপারে হোটেল হোটেল সী-হেভেন গেষ্টহোম এর জি এম শেখ মকবুল আহমদ বলেন, এ মুরব্বি ২ মাসের জন্য গত ৩ ফেব্রুয়ারী আমার হোটেলে উঠে। ২ মাসের ভাড়া বাবৎ ২৪ হাজার টাকা জমা দেন। তখন নিজের নাম শাহরিয়ার কামাল বলে জানিয়ে ছিলেন। তার ঠিকানা ও অন্য কিছু না জানতে অনুরোধ করায় হোটেল কর্তৃপক্ষ আর জানতে চাননি বলে জানান জি এম মকবুল। হোটেলে উঠার কয়েক দিন পর তিনি বিআরটিসির অবসরপ্রাপ্ত সচিব বলে উল্লেখ করেছিলেন বলে জানান হোটেল ম্যানেজার সোহেল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সুইসাইড নোটে তিনি শুধু নিজের নামটি উল্লেখ করেছেন। এমনকি তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেন। আসলাম হোসেন আরও জানান, কোন পরিচয় না পাওয়ায় উদ্ধার হওয়া লাশটি ১ মার্চ মঙ্গলবার বেলা ৩টার দিকে শহরের ঘোনারপাড়াস্থ কবরস্থানে দাফন করেছে কক্সবাজার পৌরসভা। লাশ দাফনের পর তার কাছে পুর্বে পাওয়া এক মোবাইল নাম্বর থেকে জানতে পারি তিনি সাবেক সচিব। ১/১১ এর সময় দুদকের সচিব ছিলেন, সাভারের বিপি এ টির সাবেক রেজিষ্টার ছিলেন। তার বাড়ি চাঁদপুরের কছুয়া।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেন, উনার কোনো ছেলে মেয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে এক আত্মীয় যোগাযোগ করেছে। পুলিশ জানায় পোস্টমর্টেম করে দাফন করা হয়েছে। তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সূত্র-চ্যানেল আই
