বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয়বারের মতো দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে আগামী শনিবার (৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনেটে । নগরীর সাগরিকা চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠেয় টুর্নামেন্টে চট্টগ্রামের আটটি বিশ্ববিদ্যালয় দু’টি গ্রুপে অংশ নেবে।
শনিবার সকাল নয়টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি থাকবেন নগর পুলিশ কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল, দখিনা সম্পাদক সরওয়ার জাহান।
বৃহস্পতিবার বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক সাইফুল্লাহ চৌধুরী।
তিনি জানান, এবারের টুর্নামেন্টে বাজেট ধরা হয়েছে সাড়ে আট লাখ টাকা। সৃজনশীল বাংলা মাসিক দখিনা পৃষ্ঠপোষকতা দিচ্ছে টুর্নামেন্টে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে প্রথম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। দিনের অপর ম্যাচে খেলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আইআইইউসি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, কোষাধ্যক্ষ শামসুদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নোমান আল মাহমুদ, ক্রীড়া সংগঠক আবুল মনসুর, আলী ইকরাম রনি, নাসির উদ্দিন, মনজুর কাদের মনজু প্রমুখ।
সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খেলোয়াড় কোটায় অনার্সে শিক্ষার্থী ভর্তি করিয়েছে। একটি বিশ্ববিদ্যালয় ১৫-২০ জনকে ভর্তি করিয়েছে আমার জানা মতে।
এবারের টুর্নামেন্টেও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। যাতে তারা খেলোয়াড় কোটা ও ক্রীড়া বিষয়ক উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে সম্মান শ্রেণি চালু করেছে। এটি মাইলফলক। সাদার্ন ইউনিভার্সিটি এ বিষয়ে পাঠ্যসূচি প্রণয়ন করতে যাচ্ছে।
রাজশাহী ও খুলনা বিভাগ একাডেমিক স্পোর্টসে এগিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এ টুর্নামেন্ট শুধু খেলা নয়, এটি একাডেমিক ডেভেলপমেন্টের মূল লক্ষ্য। পোর্ট সিটি ইউনিভার্সিটি আগ্রহী ক্রীড়া শিক্ষা নিয়ে। জাতীয় পর্যায়ে একসময় চট্টগ্রামের ক্রিকেটারদের যে অবস্থান ছিল তা ধরে রাখা সম্ভব হচ্ছে না ক্রীড়াক্ষেত্রে উচ্চতর শিক্ষার অভাবে। সার্পোটিং স্টাফের ঘাটতি রয়েছে আমাদের। আগামী দিনে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাড়াতে চাই। জাতীয় দলে ৮০ ভাগ খেলোয়াড় সাপোর্ট করছে বিকেএসপি।
আলী আব্বাস বলেন, ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বুধবার রাতে পাকিস্তানকে হারিয়ে প্রথম এশিয়া কাপে ফাইনালে উঠেছি আমরা। কিন্তু চট্টগ্রামের ক্রিকেট ধ্বংসস্তূপে চলে যাচ্ছে। আমাদের মাঠ নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট নেই। এটি আমাদের ব্যর্থতা। এবার বিভাগীয় ক্রীড়া সংস্থা সংকট থেকে উত্তরণের লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আয়োজন করছে। পর্যায়ক্রমে স্কুল-কলেজ পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা সহযোগিতা চাই। সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।
ক গ্রুপে খেলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।
খ গ্রুপে আছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সাদার্ন ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে নয়টায়, দ্বিতীয়টি বেলা দেড়টায়। দুই ইনিংসের মাঝে ২০ মিনিটের বিরতি থাকবে। বিজয়ী দল ২ পয়েন্ট পাবে। বিজিত দল কোনো পয়েন্ট পাবে না। টাই ও অমীমাংসিত ম্যাচে উভয় দল ১ পয়েন্ট পাবে।

