নগরীতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম : বন্দর নগরীর ইপিজেড থানার পকেট গেট এলাকায় কেজিডিসিএলের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে নেয়া এক হাজার ফুট দীর্ঘ গ্যাসের লাইন সনাক্ত করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড পরিচালিত (কেজিডিসিএল) ভ্রামামান আদালত। এসময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। সহায়তা করছেন কেজিডিসিএলের কর্মকর্তারা।
ঘটনাস্থলে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌ:) হাসান সোহরাব বলেন, ‘ইপিজেড থানার পকেট গেট এলাকার আকমল আলী সড়কে ডাক্তারের বিল্ডিং নামের একটি ভবনে অবৈধ ভাবে এক হাজার ফুট দীর্ঘ গ্যাসের লাইন টানা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। ভবনটির মালিক ডা. এম জেড শরীফ বলে জেনেছি, ওই ভবনে ২০টি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।
এছাড়া ওই অবৈধ গ্যাসের লাইন থেকে সংযোগ নেয়ায়, মো. জাহিদ নামে অপর একজন মালিকের ভবনের ১৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’
এখনো অভিযান চলছে, এ পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, বলেন হাসান সোহরাব।

