মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভরত জনতার ওপর পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘বাঁশখালীতে প্রতিবাদী বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে ৬ জন লোক নিহত ও দুই শতাধিক লোককে আহত করার ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে। এভাবে নির্বিচারে মানুষ হত্যা করে সরকার গদি রক্ষা করতে পারবে না।’
তিনি বলেন, ‘বাঁশখালীতে বিক্ষোভকারী জনতার উপর গুলি বর্ষণ করে ৬ জনকে হত্যা ও দুই শতাধিক লোককে আহত করার মর্মান্তিক ঘটনায় দেশবাসী শোকাহত, ক্ষুব্ধ, মর্মাহত এবং উদ্বিগ্ন। সরকার জনগণের মতামতকে উপেক্ষা করার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। বর্তমান সরকার যদি জনগণের সরকার হতো তাহলে জনগণের মতামত উপেক্ষা করে রক্তপাত ঘটানোর পথ বেছে নিত না।’
জামায়াত নেতা বলেন, ‘স্থানীয় জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া উচিত।’ বিবৃতিতে তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জামায়াত নেতা বলেন, বাঁশখালীতে জনগণের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন, প্রতিবাদী এলাকাবাসী ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে নিহতদের পরিবার-পরিজন, প্রতিবাদী এলাকাবাসী ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে কথায় কথায় পুলিশ যাতে এ ধরনের বেপরোয়া ও আপত্তিকর কর্মকাণ্ডে না জড়াতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত।
