বুধবার, ০৬ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিউজ ডেস্ক : পহেলা বৈশাখে মুখোশ ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তনু হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘আমরা খুবই লজ্জা পাই যখন দেখি দুটি মেডিকেলের দুই রকম রিপোর্ট। কুমিল্লা থেকে বলা হল তনুকে হত্যার পূর্বে ধর্ষণ করা হয়েছিল। চট্টগ্রাম থেকে (সোমবার) জানিয়েছে কোন প্রমাণ পাওয়া যায়নি। ভীষণ বিভ্রান্তিমূলক। হঠাৎ দেখলাম পহেলা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না। এটি আমাদেরকে বিস্মিত করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করছি।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘পহেলা বৈশাখে বিকেল ৫টার পরে বাংলাদেশের কোথাও উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এ সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে সারাদেশের সংস্কৃতিকর্মীরা আমরা আইন অমান্য করতে বাধ্য হব।’
