রোববার, ০১ মে ২০১৬
চট্টগ্রাম : বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় দু’পক্ষে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
রোববার দুপুরের দিকে ইউনিয়নের ইলশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের এএসপি কামরুল হাসান। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।’
এদিকে এ ঘটনায় আহত ১৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘বাঁশখালী দু’পক্ষের সংঘর্ষে আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে বেশির ভাগ ছররা গুলিতে আহত, এছাড়া অনেকে ধারালো অস্ত্রের আঘাতেও আহত হয়েছেন। তাদের হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’

