বন্দরনগরীর নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় বিলবোর্ড নীতিমালা করছে চসিক

শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬

বন্দরনগরীর নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় বিলবোর্ড নীতিমালা করছে চসিক
সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম: বন্দরনগরীর নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধি ও নান্দনিকতার বিষয়টিকে বিবেচনায় এনে পরিকল্পিত নগরায়নের জন্য বিলবোর্ড নীতিমালা প্রনয়ন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বৈঠকে আগামী এক সপ্তাহের মধ্যে যাচাই বাছাই করে বৈধ ও অবৈধ বিলবোর্ডের তালিকা প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে বিলবোর্ড ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিলবোর্ড মালিকদের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর নির্বাচনী অঙ্গীকার ক্লিন ও গ্রীন সিটির ভিশন সম্পর্কে বিলবোর্ড মালিকদের অবহিত করে বলেন, যত্রতত্র ও প্রাকৃতিক সৌন্দর্য হানিকর নাগরিকদের বিভিন্ন স্থাপনা আড়াল করে বিধি বিধান না মেনে খেয়াল খুশিমত বৈধ ও অবৈধ উপায়ে বিলবোর্ড স্থাপনের ফলে প্রাচ্যের রানী ও নৈসর্গিক চট্টগ্রামের ভাবমুর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। যা চট্টগ্রাম সিটি করপোরেশনকে নানামূখি আলোচনা ও সমালোচনার সম্মুখিন করছে।

 

এসময় বিলবোর্ড মালিকদের সহযোগিতা কামনা করে মেয়র বলেন, পরিকল্পিত উপায়ে এবং বিউটিফিকেশনের সুবিধার্থে বিলবোর্ড মালিকদের সহযোগিতায় নগরীতে নিয়ম নীতির ভিত্তিতে বিলবোর্ড নীতিমালা প্রনয়ন করা হবে। এ লক্ষে নীতিমালা প্রণয়ন এবং বৈধ বিলবোর্ড নিরুপন করা অতীব জরুরী। তাই জনস্বার্থে এবং নগরীর সৌন্দর্য বর্ধনের স্বার্থে বিলবোর্ড মালিকদের সহযোগিতা সিটি করপোরেশনের প্রয়োজন।

বন্দরনগরীর নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় বিলবোর্ড নীতিমালা করছে চসিক

অবৈধ বিলবোর্ডে ছেয়ে যাওয়া নগরীর জিইসি মোড় এলাকা

এ লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় বৈধ, অনুমোদিত বিলবোর্ড সার্ভে করার জন্য বিলবোর্ড মালিক সমিতি’র প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটি এক সপ্তাহের মধ্যে যাচাই বাছাই এর মাধ্যমে বৈধ-অবৈধ বিলবোর্ডের তালিকা প্রণয়ন ও বিলবোর্ড নীতিমালা প্রনয়ন করবে, বলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, রাজস্ব শাখার কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী, রূপম কান্তি চৌধুরী, বিলবোর্ড মালিকদের মধ্যে মো. মহিউদ্দিন বাচ্চু, ফরিদ মাহমুদ, মোহাম্মদ আরশাদুল আলম বাচ্চু, সনত বড়ুয়া, মো. হেলাল উদ্দিন, মো. নাজমুল সাকিব. মো. ওবায়দুল হক, মো. শাহেদ আকবর, তরুন কান্তি বড়ুয়া, এ কে এম আসরাফুজ্জামান, মো. ইসমাইল, মো. আকরাম হোসেন, মো. আলী তালুকদার, মো. হারুন, মো. আবদুল হালিম, লায়ন এম এম এ হোসেন বাদল, মো.জাহেদুল আলম, মো. শওকত খান, মো. মোবারক উল্লাহ, এস এম সাঈদ সুমন, মুজিবুর রহমান প্রমুখ।




Leave a Reply