‘সংখ্যালঘুদের জমি দখলে এমপি-মন্ত্রীরা জড়িত’

শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬

'সংখ্যালঘুদের জমি দখলে এমপি-মন্ত্রীরা জড়িত'

ছবি সংগৃহীত এন টিভি

সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক : সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও তাদের ওপর হামলায় স্থানীয় সংসদ সংসদ (এমপি) ও মন্ত্রীরা জড়িত বলে অভিযোগ করেছে অর্পিত সম্পত্তিবিষয়ক নাগরিক সমন্বয় সেল। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। একই সঙ্গে সংখ্যালঘু অধিকার রক্ষা কমিশন গঠনের তাগিদ দেন তাঁরা।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও হামলায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন সেলের নেতারা। তাঁরা আরো বলেন, সংখ্যালঘুদের জমি দখল আর হামলার চিত্র শুধু ঠাকুরগাঁওয়ে নয়, দেশের বেশ কয়েকটি এলাকায়।

এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘জমি দখল, তাদের (সংখ্যালঘু) সম্পত্তির ওপর হামলা, তাদের জীবনের ওপর হামলা, নারী নির্যাতন-প্রতিটি ঘটনা এখানে ঘটেছে। যাঁরা এখন সংসদ সদস্য আছেন, মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে এ অভিযোগগুলো আসছে।’

'সংখ্যালঘুদের জমি দখলে এমপি-মন্ত্রীরা জড়িত'

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ‘অতি সম্প্রতি পার্বতীপুরের ক্ষত্রিয় সম্প্রদায়ের ৫৫টি পরিবারের ওপর একইভাবে হামলা হচ্ছে। একজন মন্ত্রী এটার সঙ্গে জড়িত। মোস্তাফিজুর রহমান ফিজার (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, পার্বতীপুর-ফুলবাড়ী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) সাহেব, রক্ষক-ভক্ষকের অবস্থানে চলে গেছেন।’

অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংখ্যালঘু ও ভূমিহীনদের অধিকার রক্ষায় একটি পৃথক সংখ্যালঘু অধিকার রক্ষা কমিশন করতে হবে।’

এ ছাড়া স্থানীয় পর্যায়ে অভিযোগ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের গড়িমসির অভিযোগ করেন বক্তারা।




Leave a Reply