শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : এসএসসিতে বাড়তি ফি আদায়ের পর, এবার সরকারি ভর্তি নীতিমালাই মানছেনা চট্টগ্রামের বেশিরভাগ বেসরকারি স্কুল।
নানা খাত দেখিয়ে নির্ধারিত ফি’র চেয়ে আদায় করছে তিন থেকে চারগুন বেশি অর্থ। আবার পুন:ভর্তির ক্ষেত্রে ফি নেয়ার নিয়ম না থাকলেও; তাও মানা হচ্ছেনা। বাড়তি অর্থ নেয়া এরকম ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে প্রশাসন। এরমধ্যে প্রথমপর্যায়ে ৫টিকে দেয়া হয়েছে নোটিশ।
আবারও নৈরাজ্য চট্টগ্রামের শিক্ষাখাতে। এবার তাতে সামিল হয়েছে বেসরকারি স্কুলগুলো।
সরকারি নীতিমালা অনুযায়ী রাজধানী ব্যতিত অন্য সব মহানগরে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে তিন হাজার টাকা। কিন্তু সেটা মানছেনা বন্দরনগরীর বেশিরভাগ বেসরকারি স্কুল। নামে-বেনামে বিভিন্ন খাতে তারা নির্ধারিত ফির চেয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ।
অতিরিক্ত ফি নেয়ার প্রমাণ মেলে ওয়াইএমসিএ নামে এই স্কুলটির নোটিশ বোর্ডেই। যেখানে নতুন ভর্তির ক্ষেত্রে ৬ হাজার তিনশ এবং পুন:ভর্তির জন্য ৫ হাজার ২শ টাকা আদায় করছে স্কুলটি। অথচ, পুন:ভর্তির ফি নেয়ার নিয়মই নেই নীতিমালায়।
একি অবস্থা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে। সেখানে আদায় করা হচ্ছে নির্ধারিত ফির কয়েকগুন বেশি অর্থ।
এখন বাড়তি ফি নেয়া স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন।
নগরীতে অন্তত ১৫ টি স্কুলের বিরুদ্ধে ভর্তি নীতিমালা লংঘনের অভিযোগ জমা হয়েছে জেলা প্রশাসনে।
