বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক ঃ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির আয়োজনে ৫ সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্রসদন প্রাঙ্গণে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে- বাংলাদেশ বইমেলা।
৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রকাশনা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টরাও উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি বুধবার সকালে সাংবাদিকদের’কে এ তথ্য জানান।
এবারের মেলার বিষয়ে তিনি বলেন, ‘মেলায় বাংলা একাডেমি ও শিশু একাডেমিসহ দেশের ৪৮টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। এতে সহায়তা করেছে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তাও রয়েছে।
আট দিনব্যাপী এ মেলা শেষ হবে ১২ সেপ্টেম্বর।’
তিনি বলেন, ‘মেলাকে প্রাণবন্ত করতে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক সেমিনারের ব্যবস্থা থাকবে। এছাড়া বাংলাদেশের চারজন প্রতিশ্রুতিশীল শিল্পী সেখানে সংগীত পরিবেশন করবেন।’
Ctgbarta24.com 24 hours Online News Paper