রবিবার, ২২ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ মুক্তির অপেক্ষায়, আর এর প্রচারণার কাজে ভীষণ ব্যস্ত বিদ্যা সিনহা মিম। এ ছবিটির মাধ্যমেই ওপার বাংলার দর্শকদের কাছে প্রথমবার পরিচিত হয়ে উঠছেন তিনি। মঙ্গলবার কলকাতায় ছবিটির সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিমের সহশিল্পী সোহম, খরাজ মুখোপাধ্যায়, ছবিটির পরিচালক রাজা চন্দ, সংগীত পরিচালক ডাব্বু। ছবিটির ‘হালকা হালকা’ ও ‘ধিপ ধিপ বুকের মাঝে’ গান দুটি এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলায়।
এদিকে, প্রচারণার অংশ হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় জি বাংলা চ্যানেলের গৃহিণীদের নিয়ে অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এ গিয়েছিলেন মিম। এখানে তার সঙ্গে সোহমও ছিলেন। এই পর্বটি দেখানো হবে শিগগিরই।
‘ব্ল্যাক’ যৌথভাবে প্রযোজনা করেছে কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া। চলতি মাসে দুই বাংলায় মুক্তি পাবে ছবিটি। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে বলিউডের জনপ্রিয় সংস্থা ভায়াকম এইটিন মোশন পিকচার্স। ঢাকায় ছবিটি মুক্তি দেবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন