সোমবার, ১৩ জুন ২০১৬

ইউরো কাপ-২০১৬ এর প্রথম ম্যাচে চেক রিপাকলিকের গোল রক্ষক পিওতর চেক কে ৮৭ মিনিটে বার্সা সতীর্থ ইনিয়েস্তার পাস থেকে হেডে পরাস্ত করে জালে বল পাঠাচ্ছেন জেরার্ড পিকে। তার দেয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন।
সিটিজিবার্তা২৪ডটকম, খেলা ডেস্ক: ইউরো কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে প্রায় আটকেই দিয়েছিল চেক রিপাবলিক। তবে জেরার্ড পিকের খেলার শেষ দিকে হেডে দেওয়া একমাত্র গোলে হ্যাট্রিক ইউরো শিরোপা জয়ের লক্ষ্যে পথে এগিয়ে চলা শুরু স্পেনিশদের।
সোমবার (১৩ জুন বাংলাদেশ সময়) সন্ধ্যায় তুলুজের মিউনিসিপাল স্টেডিয়ামে অনুষ্ঠিত চেক রিপাবলিকের বিপক্ষে খেলার অনেকগুলো সুযোগ নষ্ট করে ৮৬ মিনিট পর্যন্ত গোল পায়নি স্পেন। অবশেষে ৮৭ মিনিটে বার্সা সতীর্থ ইনিয়েস্তার পাস থেকে হেডে গোল করে স্পেনকে ১-০ গোলে জয় এনে দেন জেরার্ড পিকে। ভিসেন্তে দেল বস্কের দলের জন্য জয়টাও অনেক স্বস্তির।
আজকের খেলায় দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন স্পেনের গোলরক্ষক ডেভিড ডে গিয়া ও চেক রিপাবলিকের গোলরক্ষক পিওতর চেক। তানাহলে স্কোরবোর্ড অন্যরকম হতেও পারতো।
খেলার ষষ্ঠদশ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিল স্পেন। দাভিদ সিলভার বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে যান আলভারো মোরাতা; কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক পিওতর চেক। ২৮তম মিনিটে এই য্যুভেন্তুাস স্ট্রাইকারের কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে ফের হতাশ হতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ৩৯তম মিনিটে আরেকটি ভালো আক্রমণ করে। কিন্তু জর্দি আলবার জোরালো শট গোলরক্ষক চেক দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দিলে সমতায় থেকেই বিরতিতে যেতে হয় স্পেনকে।
প্রথমার্ধে স্পেনের গোলরক্ষক ডেভিড ডপ গিয়াকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি চেক রিপাবলিক।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মোরাতার নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠাতে বসেছিলেন রোমান হুবনিক; তবে পোস্টে বল লাগায় রক্ষা।
গোল পেতে মরিয়া স্পেন আক্রমণের ধার বাড়াতে ৬২তম মিনিটে মোরাতাকে বসিয়ে আরিৎস আদুরিসকে নামান দেল বস্ক। প্রস্তুতি পর্বে দুই ম্যাচে চার গোল করা সেল্তা ভিগোর ফরোয়ার্ড নোলিতোর মতো গোলের দেখা পাননি আথলেতিক বিলবাওয়ের এই ফরোয়ার্ডও।
৭০তম মিনিটে ফাঁকায় বল পেয়েও ব্যর্থ জর্দি আলবা। সাত মিনিট পর ওভারহেড কিকে চেষ্টা করেছিলেন আদুরিস, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়।
অবশেষে ৮৭তম মিনিটে ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে উড়ন্ত হেডে দলকে জয়সূচক গোল এনে দেন বার্সেলোনার ডিফেন্ডার পিকে।
দেশের হয়ে পিকের এটি পঞ্চম গোল। জাতীয় দলের হয়ে প্রথম ১২ ম্যাচে চার গোল করার পর পাঁচ নম্বরটি পেতে তাকে খেলতে হলো আরও ৬৬ ম্যাচ।
এবারের ইউরো কাপে গ্রুপ অব ডেথ হিসেবে বিবেচিত ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে রবিবার রিয়াল মাদ্রিদের লুকা মডিচের গোলে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া।
