বুধবার, ১৭ জুন, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম ।।
খেলাধুলা ঃ ফাইনালে ব্রাজিল। তবে সেটা কোপা আমেরিকায় নয়। কারণ, কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলাই শেষ হয়নি এখনো। শুক্রবার ভোরে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ হাতে নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামেব ব্রাজিল জাতীয় দল। তার আগেই ব্রাজিলের যুবারা শুনিয়েছে খুশির সংবাদ।
ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে নেইমাররা উঠতে না পারলেও তাদের জুনিয়ররা ঠিকই ফাইনাল নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এ যাত্রায় তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেনেগালকে। এ নিয়ে নবমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ব্রাজিল। অপর সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সার্বিয়া। শিরোপা নির্ধারণী ফাইনালে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিলের তরুণরা।
মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনালে ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যায় হলুদ রংয়ের জার্সিধারীরা। গোলটা অবশ্য আত্মঘাতি খাত থেকে পায় ব্রাজিল। সেনেগালের খেলোয়াড় আনদা কোরেয়ার আত্মঘাতি গোলে এগিয়ে যায় পাঁচ বারের যুব চ্যাম্পিয়নরা।
দুই মিনিট পরই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মারকোস গুইলহেরমে (২-০)। এরপর ১৯ মিনিটে বসচিলিয়া ও ৩৫ মিনিটে জর্জ গোল করলে প্রথমার্ধেই ব্রাজিলিয়ান যুবাদের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। ৪-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় ব্রাজিল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে গোল বন্যা বইয়ে দিতে পারেনি সেলেকাও তরুণরা। ম্যাচের ৭৮ মিনিটে গুইলহেরমে দ্বিতীয় গোল করলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
তথ্যসূত্র : ইএসপিএন এফসি
Ctgbarta24.com 24 hours Online News Paper
