শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
লাইফ স্টাইল ডেস্ক ঃ ঘর সাজাতে সবাই পছন্দ করে। কোরবানির ঈদ হওয়ায় এখন অনেকেই ব্যস্ত রান্নাবান্নার আয়োজনের প্রস্তুতি নিতে। তারপরও শেষ দিকের প্রস্তুতির মধ্যে গুরুত্বপূর্ণ অন্দরমহলের সাজ।
ঈদ এর সাজের ক্ষেত্রে যে ঘরটি প্রথমেই প্রাধান্য পায় সেটি হচ্ছে বসার ঘর। কেননা, বাড়িতে অতিথি এলে এই ঘরেই তাকে অভ্যর্থনা জানানো হয়। তাই সাধ ও সাধ্যের সমন্বয় করে এই ঘরটিকে সাজাতে হবে আকর্ষণীয় করে। ঘরের আসবাব থেকে শুরু করে পর্দা, মেঝে, প্রতিটি কোন সবখানেই থাকবে উৎসবের ছোঁয়া। সোফার কাভার, কুশন কাভার হবে উজ্জ্বল রঙের, সেই সাথে পর্দার রঙ্গেরও সামঞ্জস্য থাকতে হবে। তবে বসার ঘরের সাজ তখনি পূর্ণতা পাবে যখন সেন্টার টেবিলে স্বচ্ছ কাঁচের পাত্রে পানি দিয়ে বেশ কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দেয়া হবে। সেই সাথে ঘরের কোনে বা জায়গা বুঝে রাখতে হবে সতেজ গাছ।
বসার ঘরের পরেই প্রাধান্য পায় খাবার ঘর, কেননা ঈদ এর দিনে এই ঘরেই অতিথি আপ্যায়ন করা হয়। ঈদ এর উৎসব পূর্ণতা পায় খাবারকে ঘিরে। তাই শুধু মজার মজার খাবার বানালেই হবে না, খাবারটি আকর্ষণীয় হবে তখনি যখন সেটা সুন্দর করে পরিবেশন করা হবে। তাই খাবার পরিবেশনের পাত্র ও খাবার টেবিলের সাজের দিকে বিশেষ নজর দিতে হবে।
শোয়ার ঘরের ক্ষেত্রে বেড কাভার ও পিলো কাভার একইভাবে উজ্জ্বল রঙের হতে হবে। যেহেতু উৎসব তাই কাভারগুলো সিল্ক কাপড়ের হলে ভাল লাগবে। বেড কাভারের রঙের সাথে মিলিয়ে পর্দার রঙ ব্যবহার করতে হবে। খাটের পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিতে হবে। ঘরে রাখা যেতে পারে কিছু তাজা ফুল বা গাছ। সেই সাথে মেঝেতে একটা রঙিন শতরঞ্জি বিছিয়ে দেয়ালে একটি পেইন্টিং ঝুলিয়ে দিলে ঘরটি অনেক আকর্ষণীয় দেখাবে।