সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকার শ্যামলি আবাসিকে ডাকাতির ঘটনায় বিপুল অস্ত্রসহ আরো তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বোয়ালখালী ও নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক এলাকায় দিনভর অভিযানে তাদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রায়হান প্রকাশ জিসান (২৫), ফজলুল করিম রিংকু (২৮) এবং মামুন (২৭)। এর আগে বিভিন্ন সময় ডাকাত চক্রের আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিলো।
উদ্ধারকৃত অস্ত্র গুলো হলো- একটি পয়েন্ট টু টু বোরের পিস্তল, একটি একনলা বন্দুক, চায়নিজ কুড়াল, চাপাতি, তলোয়ার, ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র ও সরঞ্জাম।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, ‘ইতোপূর্বে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুসারে অভিযান চালিয়ে প্রথমে বোয়ালখালী থেকে রিংকুকে ও চান্দগাঁও থানার মোহরা সরালিয়া পাড়া এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। পরে বায়েজিদ থানার অনন্যা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাটি খুঁড়ে ডাকাতদের বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গত ২৭ ফেব্রুয়ারি চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকার শ্যামলি আবাসিকের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বাড়ির মালিক বাদি হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রথমে সাদ্দাম (২৪) নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।
পরে তার দেয় তথ্য অনুয়ায়ি নগরীর বিবিরহাট এলাকা থেকে ডাকাতি হওয়া স্বর্ণ অলঙ্কারসহ আরেক সদস্য তপনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তপন জানায়, বাকি স্বর্ণালংকার তপন হাজারি লেইনে কারখানায় দিয়ে গলিয়ে নেয়। পরে বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের আরো তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৮টি মোবাইল, ২টি ল্যাপটপ, ৪ ভরি স্বর্ণ ও কসমেটিকস উদ্ধার করা হয়। সর্বশেষ গতকাল আরো তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

