বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তিনজন পরিচ্ছন্ন কর্মীকে ব্যক্তিগত কাজে খাটানোর অভিযোগ তুলেছেন কাউন্সিলর জহুরুল আলম জসিম।
বুধবার চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ অভিযোগ করেন ৯ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড থেকে নির্বাচিত এ কাউন্সিলর। এ সময় সাধারণ সভাটি উত্তপ্ত হয়ে ওঠে। একান্ত সচিব চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিযোগ প্রমাণিত হলে একান্ত সচিবের পদ থেকে বিদায় নেবেন।
বৈঠকে উপস্থিত একাধিক কাউন্সিলর ও চসিকের কর্মকর্তা কাউন্সিলরের অভিযোগ উত্থাপন ও একান্ত সচিবের চ্যালেঞ্জের সত্যতা নিশ্চিত করেছেন।
বিষয়টি জানতে চাইলে কাউন্সিলর জহুরুল আলম জসিম জানান, এটি তিন-চার মাস আগের ঘটনা। আমি দায়িত্ব নেওয়ার পর দেখলাম ওয়ার্ডের তিনজন পরিচ্ছন্ন কর্মী মেয়রের পিএসের বাসায় কাজ করেন। এর ফলে ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। আমি মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলে ওই পরিচ্ছন্ন কর্মীদের প্রত্যাহার করে নিলাম। এতে ক্ষিপ্ত হয়ে পিএস আমার ওয়ার্ডের সুপারভাইজারকে অন্যত্র বদলি করে দেন। বিষয়টি আমি সাধারণ সভায় তুলেছি।
যোগাযোগ করলে মঞ্জুরুল ইসলাম জানান, আমি চ্যালেঞ্জ করে বলেছি যদি চসিকের পরিচ্ছন্ন কর্মীকে আমি ব্যক্তিগত কাজে খাটিয়েছি এটি যদি প্রমাণিত হয় তবে আমি দায়িত্ব থেকে বিদায় নেব। আমি বলেছি, ক্যাবিনেট ম্যানুয়েল অনুযায়ী যেসব প্রটোকল পাওয়া দরকার আমি তার অনেকগুলোই নিচ্ছি না। বাবার বাসায় থাকি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চসিক কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে অনেকেরই অসুবিধা হচ্ছে। তারা জোট বেঁধে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমি চাই না, আমার জন্যে চসিকের সম্মানহানি হোক। তাই আমি মেয়র মহোদয়কে বিনয়ের সঙ্গে অনুরোধ জানিয়েছি, অভিযোগটি তদন্ত করে দেখা হোক।
পিএসের অভিযোগ অস্বীকার প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর জসিম বলেন, উনি (পিএস) সভাতে যে বক্তব্য দিয়েছেন তাতে বলেছেন উনাদের মার্কেট ও বাসা পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু দেন। এতেই অভিযোগ প্রমাণ হয়। বাংলানিউজ

