মঙ্গলবার, ০১ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : দেশের সব জরাজীর্ণ জেলা প্রশাসক (ডিসি) অফিস ভেঙে আধুনিকভাবে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
জরাজীর্ণ ডিসি অফিস প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ডিসি অফিসে সব ধরনের মানুষ নানা প্রয়োজনে আসেন। তাই আধুনিক সব সুযোগ সুবিধার সমন্বয়ে ডিসি অফিস নির্মাণ করতে হবে। এখানে যেন সবাই ভালোমতো বসতে পারেন।
এছাড়াও নারী-পুরুষের জন্য আলাদা মানসম্মত ল্যাট্রিন নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
একনেক বৈঠকে আরও আলোচনা হয়, ২০১৭ সালের মধেই দেশের সমস্ত বাঁশের সাঁকো ভেঙে কালভার্ট অথবা ছোট ছোট সেতু নির্মাণ করতে হবে। ২০১৭ সালের পর দেশে আর বাঁশের সাঁকো থাকবে না।
বৈঠকে আলোচনা হয়, দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। সব মানুষের টিনশেড বাসা থাকবে। ছনের ঘরেও কেউ বসবাস করবেন না। আশ্রয়হীনদের বাসা নির্মাণে দেশের সব মানুষ এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করা হয় বৈঠকে।
একনেক সভায় মোট ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ৬ হাজার ৬শ’ ৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য মাত্র ৯শ’ ৫৬ কোটি ১৯ লাখ টাকা।
