রাতুল-আলাউদ্দিনের ব্যাটে রূপগঞ্জের প্রথম জয়

ctgbarta24.com
Share

খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬

রাতুল-আলাউদ্দিনের ব্যাটে রূপগঞ্জের প্রথম জয়

রাতুল-আলাউদ্দিনের ব্যাটে রূপগঞ্জের প্রথম জয়

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ।

গাজী গ্রুপ টসে জিতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৫৫ রান জমা করে। জবাবে টপ অর্ডারদের ব্যর্থতার পরও ৩ উইকেটে জয় নিশ্চিত হয় রূপগঞ্জের।

দিনের শুরু থেকেই ক্ষণে ক্ষণে ম্যাচের পরিস্থিতি পাল্টাতে থাকে। পেন্ডুলামের মত কখনো রূপগঞ্জের দিকে আবার কখনো গাজী গ্রুপের দিকে ম্যাচ যেতে থাকে। কিন্তু পড়ন্ত বিকেলে আলাউদ্দিন বাবুর অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় শেষ হাসিটা হাসে রূপগঞ্জ। মূলত পেস বোলার হিসেবে আলাউদ্দিন বাবুর পরিচিতি। কিন্তু বৃহস্পতিবার ফতুল্লায় তার হাতে বল তুলে দেননি রূপগঞ্জের অধিনায়ক। তবে ব্যাট হাতেও যে ভালো কিছু করার ক্ষমতা আছে তা বুঝিয়ে দেন সবাইকে। ২২ বলে ৩৪ রানের ছোট্ট ক্যামিও ইনিংস খেলে জয়ের অন্যতম নায়ক আলাউদ্দিন বাবু। তার ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছয়ের মার।

নতুন উইকেটে দিনের শুরুতেই বড় স্কোরের ভিত গড়ে দেন এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ। আগের দিন দুই ক্রিকেটার হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার হাফসেঞ্চুরির দেখা পেলেন শুধু শামসুর রহমান শুভ। তবে বিজয়ও একই পথে হাঁটছিলেন। কিন্তু ৬৬ বলে তার ৪২ রানের ইনিংসটি থামিয়ে দেন তাইজুল ইসলাম। উইকেটের পিছনে ক্যাচ দেন বিজয়। আম্পায়ার আঙ্গুল তুলে আউট দেওয়ার পর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ডানহাতি এ ওপেনার। ড্রেসিং রুমে ফিরেন চরম হতাশা নিয়ে। গাজী ট্যাংকের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান স্কোরবোর্ডে ২ রান তুলে সাজঘরের পথ ধরেন। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শামসুর রহমান ও সাঈদ আনোয়ার জুনিয়র। ৭৮ রান যোগ করেন তারা। দলীয় ১৪৩ রানে এ জুটি ভাঙেন মোশাররফ হোসেন রুবেল। ৮২ বলে ৬৯ রান করা শামসুর রহমান সাজঘরে ফিরেন উইকেটরক্ষক মিঠুনের হাতে ক্যাচ দিয়ে। হাফভলি বল কাট করতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে মিঠুনের তালুবন্দি হয়। সতীর্থ হারালেও ব্যাট চালিয়ে যান পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়র। তিনি লিগের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন। দলীয় সর্বোচ্চ ৭০ রান আসে তার ব্যাট থেকে। দলীয় ২০৩ রানে সৌম্য সরকারের বলে আউট হন বাহাতি এ অলরাউন্ডার। প্রায় এক বছর পর বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারে দলকে সাফল্য এনে দেন সৌম্য সরকার। গত বছর লিগে ১১ ইনিংসে ৮ উইকেট পেয়েছিলেন সৌম্য। এবারও প্রথমবারের মত বল হাতে নিয়ে পেলেন সাফল্য। শুধু সাঈদ আনোয়ারকে নয়, ফরহাদ হোসেনের(১৬) উইকেটও নেন সৌম্য। শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটসম্যান ফারুক হোসেনের ২০ বলে ৩০ রানে ২৫৫ রানের স্কোর পায় গাজী ট্যাংক ক্রিকেটার্স।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট নেন মোশাররাফ হোসেন রুবেল, আসহার জাইদি ও সৌম্য সরকার। ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম।

২৫৬ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ১১ রান তুলতেই ৩ উইকেট হারায় রূপগঞ্জ। দেলোয়ার হোসেনের প্রথম বলে মিজানুর রহমান (০) স্লিপে অলোক কাপালির হাতে ক্যাচ দেন। পেসার দেলোয়ার হোসেনের পরের শিকার জহিরুল ইসলাম অমি (৯)। কভারে ক্যাচ দেন অমি। পরের ওভারে ডানহাতি স্পিনার মেহেদী হাসানের ঘূর্ণিতে পরাস্ত সৌম্য। ড্রাইভ করতে গিয়ে বল মিস করেন সৌম্য সরকার (১)। আগের ম্যাচেও মাত্র ১০ রান করেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।

তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় রূপগঞ্জ। ৯১ রানের ‍জুটি গড়েন আসহার জাইদি ও মোহাম্মদ মিঠুন। বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলেন তারা। বোলারদের বেশ ভালোভাবে সামলে প্রতিরোধ গড়ে রানের চাকাও সচল রেখেছিলেন। কিন্তু ইনিংসের ২১তম ওভারে অলোক কাপালি ব্যাটিংয়ে এসে রূপগঞ্জের মন ভেঙ্গে দেন। অলোকের ফুলটস বল কভারে ক্যাচ উঠিয়ে দেন ৩৭ রান করা জাইজি। সঙ্গী হারিয়ে মিঠুন একা কিছুক্ষণ ব্যাট চালিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন। ৭৫ রানের ইনিংসটি সাজান ৭ চার ও ২ ছক্কায়। এরপর পাকিস্তানে সাঈদ আনোয়ারের বল মিস করে উইকেট বিসর্জন দেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। মিঠুনের পর বেশিক্ষণ টিকতে পারেননি মোশাররফ হোসেন রুবেল। মেহেদী হাসানের বলে বোল্ড হন রূপগঞ্জের অধিনায়ক। ক্রিজে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকা আসিফ আহমেদ রাতুল সপ্তম উইকেটে নাহিদুল ইসলামকে নিয়ে ৪৮ রান জমা করেন। এ উইকেটও ভাঙেন অলোক কাপালি। নিজের দ্বিতীয় স্পেলের প্রথম বলে নাহিদুল (২৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এ লেগ স্পিনার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রূপগঞ্জকে। অসাধারণ ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে আসিফ আহমেদ হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন। তাকে যোগ্য সঙ্গ দেন আলাউদ্দিন বাবু। তাদের অপরাজিত ৪৭ রানের জুটি রূপগঞ্জকে এবারের লিগের প্রথম জয় এনে নেয়।

শেষ ১২ বলে ১১ রান প্রয়োজন ছিল রূপগঞ্জের। প্রথম বলে ডাবলস নেন আসিফ আহমেদ। দ্বিতীয় বলে নেন সিঙ্গেল। তৃতীয় বলে মিড উ্কেটের উপর দিয়ে বড় ছয় হাঁকান আলাউদ্দিন বাবু। এরপর শেষ দুই বলে দুই রান নিয়ে এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর ফেলে রূপগঞ্জ। আসিফ আহমেদ রাতুল ৭৬ বলে ৫৪ ও আলাউদ্দিন বাবু ২২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা ডাগ-আউটের হিরো সিমিওনে... রাশেদুল হাসান, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬ সিমিউনে ক্লাব ফুটবলে বর্তমান বিশ্বের সেরা তিনটা দলের নাম কী কী? সবার না হলেও অন্ত...
শুক্রবার থেকে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ... সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৫-১৬ সরাসরি ১২টি দল অংশ নিচ্ছে। নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ...
মোমিনুল-নাদিফের ব্যাটে বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ মোমিনুল-নাদিফের ব্যাটে বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ল...
তুষার-উইলিয়ামসের ব্যাটে ব্রাদার্সের প্রথম জয়... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অধিনায়ক তুষার ইমরান ও শেন উইলিয়ামসনের ব্যাটিং নৈ...
বায়ার্নকে হারিয়ে ফাইনালে একপা দিলো অ্যাটলেটিকো... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬  ম্যাচের ১১ মিনিটে ফার্নান্দেজের থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় বায়ার্নের ডি-বক্সে প্রবে...



Leave a Reply